ছবি : শাহীন রহমান

সম্প্রীতি প্রতিবেদক

প্রায় সব স্থানেই যখন পাট চাষে হতাশার খবর মিলছে, তখন চলনবিলের চাষীরা আশার আলো দেখাচ্ছেন। তারা এবার ভাল রকম অঅবাদ করেছেন, এবং বাজারে পাচ্ছেন ভাল দামও।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এখানে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। ভালো ফলন ও বাজারে নতুন পাটের উচ্চ দামে চাষিদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে। চাটমোহর উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভা মিলিয়ে এবার ৮ হাজার ৯০০ হেক্টর জমিতে পাট আবাদের লক্ষ্যমাত্রা ছিল। সেখানে আবাদ হয়েছে ৮ হাজার ৯৬০ হেক্টর জমিতে। বিঘাপ্রতি ফলনও ভালো হয়েছে।

কৃষি অফিসের তথ্য অনুযায়ী, সনাতন পদ্ধতি বাদ দিয়ে আধুনিক ও উন্নত প্রযুক্তিনির্ভর পাট চাষ, পাট বীজ উৎপাদন এবং কৃষি অফিসের সার্বক্ষণিক সহায়তায় এ এলাকার পাট চাষিরা সুফল পাচ্ছেন। বর্তমানে পাটের ভালো দাম থাকায় চাষিদের মধ্যে স্বস্তি তৈরি হয়েছে।

উপসহকারী কৃষি কর্মকর্তা সাইদুর রহমান সাঈদ গণমাধ্যমকে বলেন, চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে পাটের আবাদ হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, পাটের যে ফলন পাওয়া যাচ্ছে তাতে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ বলেন, পাটপণ্যের বহুমুখী ব্যবহার বৃদ্ধি পাওয়ায় দিন দিন পাটের আবাদ বাড়ছে। পাটকাঠিরও বহুমুখী ব্যবহার শুরু হয়েছে। এতে পাট চাষে কৃষকদের মধ্যে সাড়া সৃষ্টি হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।