সম্প্রীতি বাংলাদেশ, তৃতীয় বর্ষ ১২ তম সংখ্যায় (১৪ নভেম্বর ২০২৬) প্রকাশিত নিজস্ব প্রতিবেদন

সম্প্রীতি প্রতিবেদক

মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর থেকেই আবহাওয়ায় শুরু হয়েছে ঋতু পরিবর্তনের প্রভাব। গ্রামাঞ্চলের অনেক জায়গায়ই এরইমধ্যে শীত নেমে পড়েছে। কুয়াশায়ও ডুবছে প্রকৃতি। রাতে শহরেও শীত অনুভূত হচ্ছে। 

শীত নিয়ে বিশেষজ্ঞরা এবার নেতিবাচক বার্তা দিচ্ছেন। বলছেন, এবারের শীত হবে উষ্ণ, কমবে শীতকালের ব্যাপ্তিও। অর্থাৎ আগেরমত শীতের আয়ু বেশি সময় পর্যন্ত হবে না।

আবহাওয়াবিদরা বলছেন, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর বিদায়ের পর দেশে বর্ষা থেকে শীতের দিকে যাওয়ার প্রক্রিয়া আগেই শুরু হয়েছে। সে কারণে গতমাস থেকেই গ্রামাঞ্চলে ভোরের কুয়াশা, শিশিরভেজা ঘাস আর বাতাসে হালকা শীতলতা সেই পরিবর্তনের জানান দিয়েছে। তবে এখনও তীব্র শীতের পূর্বাভাস ধরে নেওয়ার সুযোগ নেই। আগামী দিনগুলোতে রাতের তাপমাত্রা, কুয়াশার বিস্তার এবং বাতাসের গতিপ্রকৃতির ওপর নির্ভর করবে শীতের অনুভূতি কতটা বাড়বে।

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির গণমাধ্যমকে জানিয়েছেন, এবারের শীত হবে ‘ওয়ার্ম উইন্টার’ বা উষ্ণ শীত। এল নিনোর প্রভাবে সারা পৃথিবীতে উষ্ণতা বেড়েছে। এর প্রভাব রয়েছে। পাশাপাশি রয়েছে জলবায়ু পরিবর্তন। বিভিন্ন কারণে এবারের শীত উষ্ণ হতে পারে বলে বিশ্ব আবহাওয়া সংস্থাও জানিয়েছে। তিনি আরও বলেন, এবারের শীতে শীতের অনুভূতি যেমন কম হবে, তেমনি শীতকালের ব্যাপ্তিও কমবে। দেশে সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত শীতকাল ধরা হয়। তবে এবার শীতের স্থায়িত্ব ৯০ দিনের কম হওয়ার সম্ভাবনা রয়েছে। বাতাসের পরিবর্তন এবং সূর্যকিরণ তির্যকভাবে আসার কারণে চলতি নভেম্বরের প্রথম দিকে উত্তরের  জেলাগুলোতে তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে। মাসের শেষ দিকে উত্তরাঞ্চলে বিক্ষিপ্তভাবে  শৈত্যপ্রবাহও হতে পারে। ঢাকায় শীত আসবে ডিসেম্বরে। ওই সময় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে। শৈত্যপ্রবাহও হতে পারে। তিনি উল্লেখ করেন, বৃষ্টির সঙ্গে শীতের সম্পর্ক নেই। শীতকালে বাতাসের ধরনে পরিবর্তনের কারণে বৃষ্টি হয়। ভূমধ্যসাগর থেকে আসা বাতাস দেশে প্রবেশ করলে বৃষ্টি হয়। ওই বাতাস  মেঘ নিয়ে আসে। তিনি জানান, এখন হিম হিম ভাবের কারণ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিয়েছে। বর্তমানে বাতাস আসছে উত্তর দিক থেকে। আগামী কয়েক মাসে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস প্রবাহিত হবে। যত বেশি উত্তরের বাতাস আসবে, তত বেশি ঠান্ডা অনুভূত হবে। এখন যেমন উত্তর দিক থেকে বাতাস আসছে, ফলে উত্তরাঞ্চলের পঞ্চগড়ে তাপমাত্রা অনেক নিচে নেমে এসেছে।

লেখক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।