পাখি আসছে দলে দলে
[দৃষ্টি আকর্ষণ : সম্প্রীতি বাংলাদেশ, তৃতীয় বর্ষ ১২ তম সংখ্যায় (১৪ নভেম্বর ২০২৬) প্রকাশিত নিজস্ব প্রতিবেদন]
সম্প্রীতি প্রতিবেদক
শীতের আগমনের সঙ্গে সঙ্গে চলনবিলে পারিযায়ী-অপারিযায়ী মিলিয়ে সব ধরণের পাখির দল সমবেত হতে শুরু করেছে। এরইমধ্যে এই বিল দেখা মিলছে সাদাবক, পানকৌড়ি, শামুকখোল, বালিহাঁসসহ নানা প্রজাতির পাখির। বিশেষজ্ঞদের মতে, এই মৌসুমে খাবার, আশ্রয় ও অনুকূল পরিবেশের সন্ধানে বহু পাখি হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এখানে আসে।

স্থানীয় সূত্রগুলোর খবর অনুযায়ী, পাখির কলকাকলিতে চলনবিল মুখর হয়ে উঠলেও উদ্বেগ বেড়েছে শিকারীদের নিয়ে। তাদের ফাঁদে ধরা পড়ে প্রাণ হারাচ্ছে এসব পাখি। প্রতিবারের মত এবারও খাবারের প্রলোভন দেখিয়ে বা আরও নানা কৌশলে পাখি শিকারের ঘটনা জলাভূমির জীববৈচিত্রের জন্য হুমকি হয়ে উঠেছে। স্থানীয়দের ভাষ্য, চলনবিলে ঝাঁকে ঝাঁকে বকসহ বিভিন্ন অতিথি পাখি আসে। বিল, জলাশয় ও গাছকে আশ্রয় করে এসব পাখি বিচরণ করলেও শিকারিদের নানা কৌশলের কারণে নিরাপদে থাকতে পারছে না।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলনবিলের ধানক্ষেত ও জলাশয় ঘিরে চলছে পাখি শিকারের মহোৎসব। লতাপাতা দিয়ে তৈরি ঝোপের ওপর জাল পেতে এবং বাঁধা পাখিকে টোপ হিসেবে ব্যবহার করে প্রতিদিনই শিকার করা হচ্ছে দেশীয় ও অতিথি পাখি। শিকার করা এসব পাখি অনেকটা প্রকাশ্যেই মানুষের খাবার হিসেবে বিক্রি হচ্ছে হাট-বাজারে।
নাম পরিচয় প্রকাশে অনিচ্ছিুক কয়েকজন পাখি শিকারী যা বলেছেন তার মর্মার্থ হলো, তারা এক-একজন গত মাস থেকে প্রতিদিন নিজ এলাকা ও আশপাশে ঘুরে ছয়-সাতটি করে পাখি শিকার করেন। প্রতিটি পাখি ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি করে দিনে প্রায় দেড় হাজার টাকা আয় করেন।
এই বাস্তবতার ব্যাপারে সিরাজগঞ্জের তাড়াশ, উল্লাপাড়া, নাটোরের সিংড়া, গুরুদাসপুর এবং পাবনার চাটমোহর ও ভাঙ্গুড়া এলাকায় পাখি শিকার বন্ধে কাজ করা ‘চলনবিল জীব ও বৈচিত্র রক্ষা কমিটি’র সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছেন, পাঁচ বছরে অন্তত দুই হাজার শিকার করা পাখি উদ্ধার করে অবমুক্ত করেছেন তারা। কিন্তু শিকারিরা তাদের ভয় না পাওয়ায় পাখি শিকার পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না। এ ক্ষেত্রে প্রশাসনের ভূমিকা প্রয়োজন।
দি বার্ডস সেফটি হাউজের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, শিকার করা পাখি উদ্ধার করে অবমুক্ত করা হলেও তৃণমূল পর্যায়ে জনসচেতনতার অভাব এবং সরকারি-বেসরকারি সমন্বয়ের ঘাটতিতে স্থায়ীভাবে পাখি শিকার বন্ধ করা সম্ভব হচ্ছে না।
পাখি নিধনের ক্ষতি সম্পর্কে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলামের ভাষ্য হলো, পাখি নিধন দন্ডনীয় অপরাধ। খাদ্য ও নিরাপত্তার জন্য পরিযায়ী ও দেশীয় পাখি চলনবিলে আসে। এসব পাখি পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ক্ষতিকারক পোকামাকড় খেয়ে পরিবেশকে রক্ষা করে। তাই পাখি শিকার বন্ধে সবাইকে সোচ্চার হওয়া উচিত।
তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন অনুযায়ী পাখি বা পরিযায়ী পাখি হত্যা অপরাধ। এ অপরাধে কারাদন্ড ও অর্থদন্ড হতে পারে। পাখি শিকারের তথ্য পেলে অভিযান পরিচালনা করে তা বন্ধের চেষ্টা করা হচ্ছে।
সার্বিক বিষয়ে ওয়াকেবহালদে অভিমত- প্রশাসন, পরিবেশকর্মী ও স্থানীয় মানুষের সম্মিলিত উদ্যোগ থাকলে চলনবিলের পাখিদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা সম্ভব। বিস্তীর্ণ জলরাশি, সবুজ প্রকৃতি আর পাখির অবাধ বিচরণ- সব মিলিয়ে চলনবিল হতে পারে প্রকৃতিনির্ভর পর্যটনের আকর্ষণীয় গন্তব্য। শীতের সকালে পাখি দেখা, জলাভূমির সৌন্দর্য উপভোগ কিংবা প্রকৃতির ছবি তুলতে এখানে আসতে পারেন ভ্রমণপিপাসুরা। এতে একদিকে পর্যটনের সম্ভাবনা বাড়বে, অন্যদিকে সুরক্ষিত থাকবে চলনবিলের প্রাকৃতিক পরিবেশ।
