[দৃষ্টি আকর্ষণ : সম্প্রীতি বাংলাদেশ, তৃতীয় বর্ষ ১২ তম সংখ্যায় (১৪ নভেম্বর ২০২৬) প্রকাশিত নিজস্ব ফিচার প্রতিবেদন]

সম্প্রীতি প্রতিবেদক

ফরিদপুরে (পাবনা) গুমানী নদীর নরায়ণপুর পয়েন্ট। পানিতে ভাসছে সারি সারি খাঁচা। এর ভেতরই চাষ হচ্ছে পছন্দের মাছ। স্থানীয়ভাবে উদ্ভাবিত এ পদ্ধতিতে একদিকে যেমন খুব সহজে খাঁচার ভেতর লালন-পালন করা সম্ভব হচ্ছে মাছের ঝাঁক, আরেকদিকে মাছেরাও পাচ্ছে নদীর স্বাভাবিক পানি প্রবাহ। তেমন কোন কৃত্তিমতা ছাড়াই এভাবে ছোট থেকে বেড়ে উঠছে নানান জাতের মাছ।

মাছ পালনকারীদের দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলার ভেতর দিয়ে বয়ে যাওয়া গুমানি নদীর নারায়ণপুর পয়েন্টের দুই পাশে সারি সারি ভাসমান খাঁচায় মাছ চাষ করা হচ্ছে। বর্তমানে প্রায় ৩০০ খাঁচায় মাছের চাষ হচ্ছে। একই নদীর পার্শ্ববর্তী রতনপুর গ্রামেও রয়েছে আরও ১০টি খাঁচা। এরকম ভাসমান খাঁচায় পোনা ছাড়ার পর মাছ বাজারজাত করতে সময় লাগে ৪-৫ মাস। বাঁশ, জাল ও ভাসমান ড্রাম ব্যবহার করে এসব খাঁচা তৈরি করা হয়। ২০/১০ ফুট আয়তনের এক-একটি খাঁচা তৈরিতে খরচ হয় ১৮ থেকে ২০ হাজার টাকা। বাজারদর ও উৎপাদন ব্যয় অনুকূলে থাকলে একটি খাঁচা থেকে ২০ থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত লাভ হতে পারে। তারা জানান,  এখানে মূলত মনোসেক্স তেলাপিয়া মাছের চাষ হচ্ছে। অন্য প্রজাতির মাছের চেয়ে এই মাছে বেশি লাভ হচ্ছে। 

তাঁদের কাছ থেকে আরও জানা গেছে, পুকুরের তুলনায় নদীতে এভাবে ১০০ গুণ বেশি ঘনত্বে মাছ চাষ করা যায়। ২০ ফুট বাই ১০ ফুটের একটি খাঁচা থেকে ১০ থেকে ১৫ মণ মাছ উৎপাদন সম্ভব।

সংশ্লিষ্টদের ভাষ্য, এভাবে মাছ চাষের ব্যাপারে সরকারিভাবে আর্থিক সহায়তা ও অন্যান্য নিরাপত্তা নিশ্চিত করা হলে এ খাত মাছ উৎপাদনে নতুন অধ্যায় রচনা করতে পারে।  কিন্তু এখন পর্যন্ত সেরক কিছু নিশ্চিত না হওয়ায়  সম্ভাবনা থাকা সত্ত্বেও বৃহৎ পরিসরে এ চাষ সম্প্রসারণ করা যাচ্ছে না।‎

‎

লেখক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।