সম্প্রীতি বাংলাদেশ, তৃতীয় বর্ষ ১২ তম সংখ্যায় (১৪ নভেম্বর ২০২৬) প্রকাশিত নিজস্ব প্রতিবেদন

আহমেদ হুমায়ুন কবির তপু

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে শীঘ্রই জাতীয় গ্রিডে যুক্ত হতে যাচ্ছে দেশের প্রথম পারমাণবিক প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ। এরইমধ্যে প্রায় সব প্রস্তুতি শেষ হয়েছে। প্রকল্পটি গত ৩০ অক্টোবর থেকেই বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। সবমিলিয়ে দেশের সর্ববৃহৎ এই প্রকল্পটি এখন উৎপাদনের পর্যায়ে অবস্থান করছে। এছাড়া গত ৩১ অক্টোবর ও ৬ নভেম্বর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জন্য রাশিয়া থেকে আরও দুটি ইউরেনিয়াম জ্বালানির চালানও চলে এসেছে।

রূপপুর সংশ্লিষ্টরা জানিয়েছেন, চলতি নভেম্বরের শেষ সপ্তাহে জাতীয় গ্রিডে প্রথম ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হতে পারে। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে অন্তত ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে এ বছরই জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হতে পারে। বিশেষজ্ঞরা জানান, সবকিছু ঠিক থাকলে আগামি বছরের মাঝামাঝিতে বাণিজ্যিকভাবে এ ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে গত ২৯ অক্টোবর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়রা) আনুষ্ঠানিক অনুমাদনের মাধ্যমে ৩০ অক্টোবর থেকে রূপপুরের প্রথম ইউনিট বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়ায় পৌঁছায়। এই প্রক্রিয়া ছিল পরীক্ষামূলক উৎপাদনের প্রাথমিক পর্যায় বা ‘সি’ স্টেজ। এর মধ্যদিয়েই রূপপুরের প্রথম ইউনিট পাওয়ার স্টার্টআপ বা বিদ্যুৎ উৎপাদন শুরুর ধাপে প্রবেশ করে।

তারও আগে ‘বি’ স্টেজে গত ১১ অক্টোবর রূপপুরের প্রথম ইউনিটে নিয়ন্ত্রিত বিক্রিয়া শুরু করা হয়। এ প্রসঙ্গে বায়রার চেয়ারম্যান মো. মাহমুদুল হাসান সম্প্রীতি বাংলাদেশকে বলেন, বি-২ ধাপের ফিজিক্স টেস্ট (বিক্রিয়া) সন্তোষজনক ফলাফলের পর আমরা ইউনিট-১ কে পাওয়ার স্টার্টআপ চালুর জন্য ‘সি’ স্টেজে প্রবেশ করার অনুমতি দিয়েছি।

‘সি’ স্টেজে যেভাবে বিদ্যুৎ উৎপাদিত হবে : প্রকল্প সংশ্লিষ্টরা জানান, চলমান ‘সি’ স্টেজে রিঅ্যাক্টরের ক্ষমতা ক্রমান্বয়ে বৃদ্ধি করে বাষ্প বা স্টিম তৈরি করা হবে, যা টারবাইন চালিত করে বিদ্যুৎ উৎপাদন করবে। এই ধাপে উৎপাদনের ক্ষমতা ধীরে ধীরে বাড়ানো হবে। সেইসঙ্গে টারবাইনের কার্যকারিতাও অত্যন্ত সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করা হবে। তাঁরা জানান, সম্পূর্ণ নিরাপদ কার্যক্রম নিশ্চিত করতে পুরো প্রক্রিয়াটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে বায়রা।

নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেড (এনপিসিবিএল)- এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান জানান, পাওয়ার স্টার্টআপ শুরু হওয়ার পর থেকে ইউনিট-১ একটি সুশৃঙ্খল অপারেশনাল টেস্টিং কর্মসূচির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। এর উদ্দেশ্য, নিয়মিত বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের দিকে অগ্রসর হওয়ার আগে প্লান্টের নিরাপদ, স্থিতিশীল ও নির্ভরযোগ্য কার্যক্ষমতা নিশ্চিত করা। এই ধাপের একটি প্রধান অপারেশনাল মাইলফলক হলো- জাতীয় গ্রিডের সঙ্গে জেনারেটরের সফল সিঙ্ক্রোনাইজেশন এবং স্থিতিশীল বিদ্যুৎ সরবরাহ।

রূপপুর প্রকল্পের পটভূমি: ৬০-এর দশকে (১৯৬১ সালে) পদ্মা নদীর তীরবর্তী পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশি ইউনিয়নে তৎকালীন পাকিস্তান সরকার একটি পারমাণবিক প্রকল্প গড়ে তোলার জন্য সর্বপ্রথম জায়গা অধিগ্রহণ করে। সে সময় এ প্রকল্পের অগ্রগতি না হলেও দেশ স্বাধীন হওয়ার পরে প্রতিটি সরকার রূপপুর প্রকল্প বাস্তবায়নে বারবার উদ্যোগ নিলেও আর্থিক, কারিগরি ও আন্তর্জাতিক নানা সমীকরণে তা বাস্তবায়িত হতে পারেনি। পরবর্তীতে ২০১৬ সালে তৎকালীন আওয়ামী লীগ সরকার রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুতকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়।

এই প্রকল্পে দুটি ভিভিইআর-১২০০ (ভিভিইআর-১২০০) রিঅ্যাক্টর রয়েছে। উভয় ইউনিট পুরোপুরি চালু হলে এই প্লান্ট থেকে জাতীয় গ্রিডে মোট ২,৪০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

লেখক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।