[বি: দ্র : পথিকৃৎ শিক্ষাবিদ অধ্যাপক ফখরুল ইসলামের এই লেখাটি ২৮ বছর আগে পাবনা এডওয়ার্ড কলেজের শতবর্ষপূর্তি উৎসব স্মারকে প্রকাশ হয়েছিল। প্রয়াত এই শিক্ষাবিদের পারিবারিক সম্মতিতে লেখাটি সম্প্রীতি বাংলাদেশ প্রকাশ করেছে। তৃতীয় বর্ষ ১১তম সংখ্যায় (১৪ অক্টোবর ২০২৬) লেখার প্রথম অংশ প্রকাশ করা হয়। এরপর তৃতীয় বর্ষ ১২তম সংখ্যায় (১৪ নভেম্বর ২০২৬) লেখার শেষাংশ প্রকাশিত হয়েছে। সেখান থেকেই ওয়েব সাইটের জন্য লেখাটি তুলে ধরা হল।]

অধ্যাপক ফখরুল ইসলাম

আগেই বলেছি এডওয়ার্ড কলেজের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা সাড়ম্বরে পালিত হ’ত। সারা পাবনা শহরের লোকজন সেদিন কলেজে ভেঙে পড়তো। কলেজ স্পোর্টস মানেই আনসার ভাই ও শামসুল হুদা ভাইয়ের ‘শো’। আমরা শিক্ষকরা ছিলাম এই নাটকের বিভিন্ন চরিত্রে। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষকদের জন্য ১০০ মিটার দৌড় প্রতিযোগিতা থাকতোই। শত্রুর মুখে ছাই দিয়ে আমি এক নাগাড়ে ১০/১২ বছর এই প্রতিযোগিতায় প্রথম হ’তাম। পরে গোলাম রসুল, মুজিব ভূঁইয়া অর্থনীতি বিভাগে যোগদান করার ফলে আমার কপাল পুড়লো। তখন আমার বয়সও বেড়ে গেছে। আমার স্থান তৃতীয়তে এসে দাঁড়ালো। মুজিব প্রথম, রসুল দ্বিতীয়, আর আমি তৃতীয়। সবাই অর্থনীতি বিভাগের শিক্ষক। ফি বছর শিক্ষকদের ইনডোর গেম্স প্রতিযোগিতা হ’ত। ব্রিজ কন্ট্রাক্ট, ব্রিজ অকশন, ক্যারম দ্বৈত ও টেবিল টেনিসে ঘুরেফিরে আমার পুরস্কার থাকতই বলা চলে। টেবিল টেনিসে ওয়াহাব খানের ১ম ও আমার ২য় পুরস্কার বাঁধা ছিল। ছোটবেলা থেকেই খেলাধুলার প্রতি আমার প্রচন্ড আগ্রহ ছিল। এক কথায় আমি খেলাধুলার পাগল ছিলাম। বাংলাদেশে যে সব খেলা প্রচলিত আছে একমাত্র গল্ফ ছাড়া ইন্-ডোর, আউট-ডোর সব খেলাই মোটামুটি আমি জানি। অর্থাৎ, Jack of all trades, master of none। হা-ডু-ডু, দাঁড়িয়াবান্দা থেকে শুরু ক’রে লন্-টেনিস, বিলিয়ার্ড খেলা আমি জানি এবং সে সব খেলা অনেক খেলেছি। আমাদের সময়তো ফুটবল এখনকার মত সহজলভ্য ছিলনা। ছোটবেলায় বাতাবী লেবু ও খড়ের বল আমাদের নিত্যসঙ্গী ছিল। খেলার প্রতি আমার প্রচন্ড আগ্রহ দেখে যখন তৃতীয় শ্রেণিতে পড়ি তখন বার্ষিক পরীক্ষার কয়েকদিন আগে আব্বা একটা কঠিন শর্ত দিলেন- আমি যদি বার্ষিক পরীক্ষায় প্রথম হ’তে পারি তা’হলে আমাকে একটা ফুটবল কিনে দেওয়া হ’বে। খোদার ইচ্ছায় আব্বার শর্ত পূরণ করলাম। আব্বা বড় ভাইকে ফুটবল কিনবার ব্যবস্থা করতে বল্লেন। বড়ভাই কলকাতার এক দোকানে বলের জন্য অর্ডার দিলেন। ৪/৫ দিনের মধ্যেই ভি.পি.পি. যোগে ফুটবল এসে গেল। প্যাকেট খুলে দেখলাম একটা ফুটবল। আমাদের সবার আনন্দ আর ধরেনা। সেদিন থেকেই আসল ফুটবল নিয়ে খেলা শুরু। কিছু দিনের জন্য বাতাবী লেবু ও খড়ের বল রেহাই পেল।

কলেজে আমরা শীতের দিনে ব্যাডমিন্টন খেলতাম। আমিনুল হক সাহেব, হালিমুজ্জামান ভাই, জালাল ভাই, কুদ্দুস সাহেব, শহুদ ভাই ব্যাডমিন্টন খেলতাম। টেনিস লনে আমরা টেনিসও খেলতাম। কোন বর্ষে নতুন খেলার উদ্বোধন হত ছাত্র-শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যমে। অর্থাৎ সারা বছরই কলেজে আমরা এটা-ওটা খেলতাম। খেলার কথা থাক্।

১৯৬৮ সালের ১লা মার্চ থেকে এডওয়ার্ড কলেজকে জাতীয়করণ করা হয়। Existing staff দেরকে আত্মীকরণ করা হয়। যেহেতু এম. এ পরীক্ষায় লাড্ডা মেরেছিলাম সেজন্য আমার ভাগ্যে প্রভাষকের পদ জোটে। আমার অনেক ছাত্র-সহকর্মী সহকারী অধ্যাপক হয়। মাঝে মাঝে আফসোস হ’ত বৈকি! তবে হীনমন্যতায় ভুগতাম না- আগের মতই মাথা উঁচু করে বেড়াতাম। ১৯৬৯ সালে ড. শামসুদ্দিন মিয়া এডওয়ার্ড কলেজে প্রথম সরকারি অধ্যক্ষ হিসেবে যোগদান করলেন। স্যারের কথা কি আর বলবো! উনি এসেই কিভাবে যেন আমাকে আবিষ্কার করলেন। প্রভাষক হলে হবে কি! তিনি আমাকে বিশেষ গুরুত্ব দিতেন।

পরবর্তীতে সকল অধ্যক্ষই আমার বেলায় একই ভূমিকা পালন করলেন। মাঝে মাঝে আমি সঙ্কুচিত হয়ে যেতাম কারণ তখন কলেজে তো একগুচ্ছ সহকারী অধ্যাপক ছিলেন। এম.এ ইমপ্রুভমেন্ট পরীক্ষা দেই দেই করেও দেওয়া হয়ে ওঠেনি। ১৯৬৮ সালের আগে দিলে তো সহকারী অধ্যাপকই হতাম। অর্থাৎ গা’ লাগাইনি। হঠাৎ ১৯৭৩ সালে ডি.পি.আই অফিস থেকে আমার নামে একটা লাল চিঠি এল যাতে লেখা ছিল- ‘এক বছরের মধ্যে এম. এ-তে দ্বিতীয় শ্রেণি দেখাতে না পারলে আমাকে চাকুরিতে রাখা হবেনা’। চিঠিটা হাতে পেয়ে আমি মাথায় হাত দিয়ে বসে পড়লাম- সর্বনাশ! এই বয়সে চাকুরি গেলে বৌ-ছেলে-মেয়ে নিয়ে একদম খাদে পড়ে যাব। অবশ্য আমার ষরাব ড়ভ ংবপড়হফ ফবভবহপব ছিল। অর্থাৎ ১৯৫৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এল.এল.বি পাস করে হাইকোর্টের বিশেষ অনুমতি নিয়ে এক বছরের প্রবেশনারী পিরিওড শেষ করে রেখেছিলাম। ঢাকা হাইকোর্ট-এ সনদের জন্য ২৫ টাকা জমাও দিয়েছিলাম। ভাবলাম চাকুরি গেলে এই বয়সে বটতলা উকিল ছাড়া কিছুই হওয়া যাবেনা। শিক্ষকতা পেশা আমার এতো ভাল লাগতো যে ওকালতি করার কোনই মন-মানসিকতা ছিলনা। সেই সময় ওকালতি শুরু করলে আজকে পাবনা বারের একজন জ্যেষ্ঠ উকিল হতাম এবং কাঁড়ি কাঁড়ি টাকা কামাতে পারতাম।

শিক্ষাবিদ অধ্যক্ষ প্রফেসর ফখরুল ইসলাম, পাশে সহধর্মীণি রত্নগর্ভা ফরহাতুন্নেসা

যা হোক, ঐ লাল চিঠি আমার অহমিকায় প্রচন্ড আঘাত হানলো। তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম যে করেই হোক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগামী ফাইনাল পরীক্ষায় অংশ নেব। যে কথা সেই কাজ। কলেজে ক্লাস নেই- বাসায় রাত্রি জেগে বুড়ো বয়সে পরীক্ষার জন্য পড়াশুনা করি। এই ব্যাপারে আমার গিন্নীর পূর্ণ সহযোগিতা ও উৎসাহ পেয়েছি। সেজন্য আমার ছেলে-মেয়ের মা-কে এই ফাঁকে কৃতজ্ঞতা জানিয়ে রাখি, নইলে যখন এই লেখা ছাপা হবে তখন লেখাটা পড়ে আমাকে খোঁটা দিতে কসুর করবেন না। শেষমেষ হয়তো গৃহযুদ্ধ- মহা মহা বিপদ সঙ্কেত! যা হোক, বিশ্ববিদ্যালয় থেকে সিলেবাস, পরীক্ষা ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম আনালাম। পরীক্ষার মাত্র চার মাস বাকি। সব পূরণ করে টাকা-পয়সা পাঠালাম। ১৯৭৪ সালের ২৮ ফেব্রুয়ারি পরীক্ষা শুরু হবার কথা। আদাজল খেয়ে পড়াশুনা শুরু করলাম। ক্লাসে পড়ানো এক কথা আর বেশি বয়সে পরীক্ষার জন্য পড়াশুনা করা

আর এক কথা! মোটামুটি প্রস্তুতি নিলাম। পাবনাতেই থাকতাম- কলেজে ক্লাস নিতাম, বাসায় পড়াশুনা করতাম এবং পরীক্ষার নির্দিষ্ট দিনের জন্য একদিনের নৈমিত্তিক ছুটি নিয়ে পরীক্ষা দিয়ে ঐদিনই পাবনায় ফিরে আসতাম। এখানে আনসার ভাইয়ের নাম উল্লেখ না করলে অকৃতজ্ঞতার পরিচয় দেওয়া হবে। রাজশাহী গেলে আনসার ভাইয়ের বাসাতেই অবস্থান করতাম। ভাবী আমার থাকা খাওয়ার ব্যাপারে তীক্ষè দৃষ্টি রাখতেন। সেজন্য ভাবীকেও ধন্যবাদ। ১৭ মার্চ, ১৯৭৪, পরীক্ষা শেষ হল। পরীক্ষা দিয়ে একটুকু বুঝতে পারলাম ইনশআল্লাহ্ একটা দ্বিতীয় শ্রেণি পাব। তিনমাস পরে পরীক্ষার ফল বের হল এবং উচ্চতর দ্বিতীয় শ্রেণি পেলাম। অবশেষে আমার ছাত্রজীবনের অভাবনীয় কলঙ্ক ঘুচলো। আমার পরীক্ষার ফলাফল অধ্যক্ষ সাহেব ডি.পি.আই অফিসে জানিয়ে দিলেন। ক’দিন পরেই আমাকে পটুয়াখালি সরকারী কলেজে সহকারী অধ্যাপক হিসাবে বদলীর আদেশ দেওয়া হল। চিঠি পেয়েতো আমার মাথায় হাত! পদোন্নতি কিন্তুÑআন্দামানে। অনেক ভেবেচিন্তে ঠিক করলাম পটুয়াখালি যাবনাÑএডওয়ার্ড কলেজে যদি কোনদিন পদ খালি হয় তাহলে তখন দেখা যাবে। কাজেই যে প্রভাষক সেই প্রভাষকই থেকে গেলাম। এরইমধ্যে সরকার একটা সিদ্ধান্ত নিল যে, লেনথ অব সার্ভিস-এর ভিত্তিতে existing সহকারী অধ্যাপকদের মধ্য থেকে কিছু সংখ্যককে সহযোগী অধ্যাপক (তখনকার সিনিয়র সার্ভিস BSES) করা হবে। এডওয়ার্ড কলেজ থেকেও আমার কয়েকজন সহকর্মী প্রমোশন পেয়ে বিভিন্ন কলেজে বদলী হয়ে গেলেন এবং অন্যান্য কলেজ থেকে এডওয়ার্ড কলেজে এলেন। আমি যদি তখন পটুয়াখালি কলেজে যোগদান করতাম তাহলে আমিও একইসঙ্গে সিনিয়র সার্ভিসে প্রমোশন পেতাম এবং এডওয়ার্ড কলেজেই আমার পোস্টিং হত। কারণ তখন এই কলেজে অর্থনীতিতে অনার্স কোর্স চালু ছিল। হায়রে পোড়া কপাল- আমও গেল, ছালাও গেল। এতবড় সুযোগ হাত ছাড়া হয়ে যাবার ফলে মনে প্রচন্ড ব্যথা পেলাম- ভাবলাম আমাকে নিয়ে বিধাতা একি খেলা খেলছেন। রাজশাহী থেকে এসে আনোয়ার হোসেন সাহেব সহযোগী অধ্যাপক হিসেবে অর্থনীতি বিভাগে যোগদান করলেন। দিন গড়িয়ে চললো। কলেজে ক্লাস ও বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত থাকি। কলেজে গ্রীষ্মের ছুটি চলছিল। ছুটির মধ্যে মাঝে মাঝে কলেজে যেতাম এবং অধ্যক্ষ সাহেবের কক্ষে বসে অনেকেই গল্প-গুজব করতাম। ঐ সময় একদিন কলেজে গেলাম- দেখলাম অধ্যক্ষ সাহেবের কক্ষে বসে অনেকেই গল্প করছেন। আমি কামাল খান সাহেবের পাশে বসলাম। হঠাৎ হালিম শিকদার একটা গেজেটের কপি কামাল সাহেবের দিকে এগিয়ে দিয়ে বলল, ‘কামাল ভাই, দরখাস্ত করেন- আপনার যা’ অভিজ্ঞতা তা’তে মনে হয় সুযোগ পেয়ে যাবেন।’ আমি কামাল সাহেবের হাত থেকে গেজেটটি নিয়ে দেখলাম অর্থনীতিতে তিনজন সহযোগী অধ্যাপক নেবে বলে পাবলিক সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়েছে। যেসব শর্ত দিয়েছে মিলিয়ে দেখলাম সবই আমার রয়েছে। আমার ছোট ভাইসম অধ্যাপক রশিদুল্লাহ্ও ওখানে ছিল। সে গেজেটটি পড়ে বলে উঠলো, ‘ফখরুল ভাই, আপনিওতো দরখাস্ত করতে পারেন।’ রশিদুল্লাহ্ কথা শুনে দেখলাম অনেকেই মুখ চাওয়া-চাওয়ি করছে- ভাবখানা যেন, রশিদুল্লাহ্ বলে কি! প্রভাষক থেকে একলাফে সহযোগী অধ্যাপক- পাগলা নাকি! ইংরেজির সহকারী অধ্যাপক প্রয়াত মুজিবর রহমান তালুকদার সাহেব আমাকে খুব পছন্দ করতেন। তিনি বল্লেন, ‘দরখাস্ত করতে দোষ কি! না হলে না হবে।’ সেদিনের জন্য আমাদের আড্ডা ভেঙে গেল। বাইরে আসার পরে তালুকদার সাহেব ও রশিদুল্লাহ্ আমাকে এমনভাবে চেপে ধরলো যে অনিচ্ছাসত্ত্বেও আমি দরখাস্ত করতে রাজী হলাম।

নির্দিষ্ট সময়ের মধ্যে পিএসসি-তে মনে দ্বিধা-সংশয় নিয়ে দরখাস্ত পাঠিয়ে দিলাম। ক’দিন পরে ইন্টারভিউয়ের জন্য চিঠি এল। আমি ও কামাল সাহেব একসঙ্গে ঢাকা গেলাম ইন্টারভিউ দিতে। সাক্ষাৎকারের তারিখ ছিল ১৪ই জুলাই, ১৯৭৫। সময়মত পিএসসি- তে হাজির হলাম। সেখানে কামাল সাহেব ও আনোয়ার সাহেব আগেই এসে গিয়েছিলেন। আনোয়ার সাহেব তখন এডওয়ার্ড কলেজেই সহযোগী অধ্যাপক ছিলেন। তাঁর ইচ্ছে ছিল পি.এস.সি-র সিলেকশন পেলে চাকুরী পাকাপাকি হবে। মোট নয় জন সাক্ষাতকার দিতে এসেছিলেন- সবাই সহকারী অধ্যাপক, আমিই একমাত্র প্রভাষক। যাঁরা অর্থনীতির বই লিখতেন তাঁদেরকে দেখলাম নোটের জাল ভর্তি নিজের লেখা বই নিয়ে সাক্ষাতকার কক্ষে ঢুকছেন। আমি বারান্দায় এক কোনায় চুপচাপ বসেছিলাম এবং সব লক্ষ্য করছিলাম। সাত নম্বরে আমার ডাক পড়লো। ভিতরে ঢুকে দেখলাম ‘ইন্টারভিউ বোর্ড’-এর চেয়ারম্যানসহ তিনজন পি.এস.সি-এর সদস্য ও এক্সপার্ট বসে আছেন। আমি দুরুদুরু বুকে ঢুকতেই চেয়ারম্যান সাহেব সামনের চেয়ারে বসতে বলেন। চেয়ারম্যান সাহেব ডিগ্রির সার্টিফিকেটগুলো পরীক্ষা করতে লাগলেন। এটা-ওটা জিজ্ঞাসা করার পরে আমার সাবজেক্ট ‘অর্থনীতি’ বিষয়-এর উপর প্রশ্ন শুরু হল। আমি একটুও না ঘাবড়িয়ে যথাসম্ভব সব প্রশ্নের উত্তর দিতে লাগ্লাম। কক্ষ থেকে বেরিয়ে আমি রিকশা নিয়ে সোজা বাসায় চলে এলাম। পরের দিনই পাবনায়।

স্বপরিবারে অধ্যক্ষ প্রফেসর ফখরুল ইসলাম

দিন গতানুগতিকভাবে চলে যাচ্ছিল। ইন্টারভিউয়ের কথা ভুলেই গেছিলাম। ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে আনোয়ার সাহেব একদিন হঠাৎ বল্লেন, ‘ফখরুল ভাই, রেডি হন পাবনা ছাড়তে হবে।’ রশিদুল্লাহ পাশেই বসে ছিল। সে আনোয়ার সাহেবকে একরকম ধমক দিয়েই বলে উঠলো, ‘ভনিতা না করে আসল কথা খুলে বলুন।’ তখন আনোয়ার সাহেব হাসতে হাসতে বল্লেন যে, তিনি গতকাল ঢাকা থেকে এসেছেন এবং শিক্ষা মন্ত্রণালয়ে ফাইল দেখে এসেছেন যে, আমি এক নম্বর নমিনেশন পেয়েছি এবং এক সপ্তাহের মধ্যেই আমার নিয়োগপত্র এসে যাবে। আমি তো শুনে হতভম্ব। ভাল করে খোঁজখবর নেবার জন্য রশিদুল্লাহ জোর করে পরের দিনই ঢাকা পাঠালো। ঢাকায় গিয়ে খোঁজখবর নিয়ে দেখলাম খবরটা সত্য। পরের দিনই পাবনা চলে এলাম। শিক্ষকমহলে চাপা গুঞ্জন- ভাবখানা যেন এও কি সম্ভব!

এক সপ্তাহের মধ্যেই আমার নিয়োগপত্র এসে গেল যশোর এম.এম কলেজের সহযোগী অধ্যাপক হিসাবে। অধ্যক্ষ ড. আবদুর রহমান আমাকে তাঁর কক্ষে ডেকে পাঠালেন এবং আমাকে জড়িয়ে ধরে অভিনন্দন জানালেন। ঘটা করে ছাত্র-ছাত্রীরা আমাকে বিদায় সম্ভাষণ জানালো। অনেকেই আমার সম্বন্ধে অনেক অতিরঞ্জিত কথা বললো। এই জাতীয় অনুষ্ঠানে যা’ হয় আর কি। শিক্ষকরাও বিদায় সম্ভাষণ জানালেন। সভাপতির ভাষণে অধ্যক্ষ সাহেব উচ্ছ্বসিত হয়ে বল্লেন, ‘অনেকদিন সরকারী কলেজে চাকুরি করছি। প্রভাষক থেকে একেবারে সহযোগী অধ্যাপক- আমার জানামতে শিক্ষা বিভাগে এমন নজীর নাই। ইসলাম সাহেব রেকর্ড সৃষ্টি করেছেন… ইত্যাদি।’ একথা সত্যি, ছুটির মধ্যে সেদিন যদি আমি কলেজে না যেতাম এবং হালিম শিকদার যদি কামাল সাহেবকে গেজেটটা না দেখাতো, তাহলে আমি কিছুই জানতে পারতাম না এবং এই দুর্লভ সুযোগটা কোনোদিনই পেতাম না। সবই খোদার ইচ্ছা। আমার সব গ্লানি নিমিষে মুছে গেল।

১৯৭৬ সালের ২৭ শে ফেব্রুয়ারি আমি এডওয়ার্ড কলেজ থেকে রিলিজ নিলাম। এডওয়ার্ড কলেজে একটানা বাইশ বছরের শিক্ষকতা জীবনের ছেদ পড়লো। ২৮ শে ফেব্রুয়ারি দুপুরে রকেট ট্রেনে চেপে যশোর গেলাম। পুরাতন কলেজ ক্যাম্পাসে প্রফেসরদের মেসে উঠলাম। পরেরদিন অর্থাৎ ১লা মার্চ কলেজে যোগদান করলাম। কলেজে আমাকে নিয়ে মাত্র দু’জন সহযোগী অধ্যাপক হলাম। সিরাজুল ইসলাম চৌধুরী সাহেব তখন কলেজের অধ্যক্ষ। চৌধুরী সাহেব ব্রীজ ও ব্রে খেলার পাগল ছিলেন। রোজ তাস খেলায় উনাকে সঙ্গ দিতে হত। কয়েকদিনের মধ্যেই ছাত্র শিক্ষকদের সঙ্গে পরিচিত হয়ে গেলাম। তাদের কাছে প্রিয়ও হয়ে উঠলাম। বৌ-ছেলে-মেয়ে সবাই তখন পাবনার বাসায়। আনোয়ার সাহেবের সঙ্গে চুক্তি ছিল উনি রাজশাহী কলেজের জন্য এবং আমি এডওয়ার্ড কলেজে আসার জন্য চেষ্টা করবো। নানা ঘাপলার জন্য আমাদের দ্বৈত প্রয়াস সফল হতে বেশ দেরি হয়ে গেল। অবশেষে ১৯৭৭ সালের অক্টোবর মাসের শেষের দিকে পাবনা এডওয়ার্ড কলেজে আমার বদলীর আদেশ হল। ছাত্র-ছাত্রীরা বেশ ঘটা করে ফেয়ারওয়েল দিল।

অনার্সের ছাত্র-ছাত্রী ও শিক্ষকরা আলাদা আলাদাভাবে ফেয়ারওয়েল দিল। ১৯৭৭ সালের ৩১ শে অক্টোবর দুপুর বেলা আমার বিভাগীয় শিক্ষক ও ছাত্র- ছাত্রীরা যশোর রেল স্টেশনে আমাকে বিদায় জানালো। ১লা নভেম্বর এডওয়ার্ড কলেজে যোগদান করলাম। ঘরের ছেলে ঘরে ফিরলাম। আনোয়ার

সাহেব আগেই রিলিজ নিয়ে রাজশাহী কলেজে চলে গিযেছিলেন। তখন এডওয়ার্ড কলেজে অধ্যক্ষ ছিলেন ড. মোসলেমউদ্দিন। ঢাকায় পড়ার সময় উনার সঙ্গে আমার পরিচয় ছিল। আমরা সলিমুল্লাহ্ হলে ওয়েস্ট হাউজে থাকতাম। কাজেই নতুন করে অধ্যক্ষের সঙ্গে পরিচয়ের আনুষ্ঠানিকতার প্রয়োজন হলনা। এডওয়ার্ড কলেজে আবার আমার কর্মজীবন শুরু হল। নতুন করে অনেক কমিটির আহ্বায়ক হলাম। ১৯৮১ সালে ডি.পি.আই অফিসে প্রফেসর হিসেবে প্রমোশনের একটা লিস্ট হয়েছিল। আমাকে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে দেখানো হয়। পরিবর্তন করে রাজশাহী কলেজে আমার নাম ঢুকাবার ব্যবস্থা করেছিলাম। পরবর্তীতে কোন ঘাপলার জন্য এই লিস্ট কার্যকরী হয়নি।

অবশেষে আমাকে প্রফেসরের পদ নিয়ে পাবনা সরকারি বুলবুল কলেজে অধ্যক্ষ হিসেবে নিযুক্তি দেওয়া হল। ১৯৮৪ সালের ১৪ এপ্রিল আমার প্রিয় এডওয়ার্ড কলেজের মায়া ছেড়ে বুলবুল কলেজে অধ্যক্ষের দায়িত্ব নিলাম। বুলবুল কলেজে আমিই প্রথম সরকার নিযুক্ত অধ্যক্ষ।

অনেক স্মৃতির এডওয়ার্ড কলেজের বারান্দা

এডওয়ার্ড কলেজে ২৮ বছরের চাকুরি জীবনের কত স্মৃতি জমা হয়ে আছে। ১৯৬১ সালে ‘পাকিস্তান ইকোনোমিক এসোসিয়েশন’-এর বার্ষিক সভার স্থান নির্ধারণ করা হয় প্রন্ধু প্রদেশের হায়দ্রাবাদ শহরের সিন্ধু বিশ্ববিদ্যালয়ে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. সোলেমান মন্ডলের নেতৃত্বে শিক্ষকদের একটি দলকে ঐ কনফারেন্সে পাঠানো হয়। এডওয়ার্ড কলেজ থেকে আমি ও রংপুর কারমাইকেল কলেজ থেকে কামাল খান সাহেব ঐ দলে অন্তর্ভুক্ত হই। আমরা এপ্রিল মাসের ৭ তারিখে তেজগাঁও বিমান বন্দর থেকে দুপুর ১টায় করাচী উদ্দেশে রওয়ানা দিয়ে সন্ধ্যা ৭ টায় করাচী বিমান বন্দরে পৌঁছাই। পরের দিন সকালে হায়দ্রাবাদ রওয়ানা দেই। হায়দ্রাবাদ স্টেশনে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা আমাদেরকে অভ্যর্থনা জানায়। ঐ শহরে ঢুকতেই বাঁদিকে হায়দ্রাবাদ দুর্গ যেখানে রেডিও স্টেশন, তার উল্টোদিকে হোটেল ‘সিজা’তে আমরা সবাই উঠলাম। আমি আর কামাল সাহেব দোতলার একটা রুমে উঠলাম ঐ দিন বিকেল থেকে কনফারেন্স শুরু হল সিন্ধু বিশ্ববিদ্যালয়ের অডিটরিয়ামে। তিন দিন কনফারেন্স চলেছিল। কামাল সাহেব ও আমি ফাঁকে ফাঁকে বেরিয়ে পড়তাম শহরটা দেখতে। এক্কা ঘোড়ার গাড়ীতে চড়তাম দু’জনে। ‘ঠান্ডি সড়ক বিশ্ববিদ্যালয় ও হাইকোর্টের মাঝ দিয়ে করাচীর দিকে চলে গেছে। রাস্তার দুপাশে বড় বড় গাছ, সমস্ত রাস্তা ছায়া ঘেরা। ‘ঠান্ডি সড়ক নামটা সার্থক। একদিন বিকেলে সবাই দলবেঁধে ট্যাক্সি করে গোলাম, মহম্মদ ব্যারেজ দেখে এলাম। ক্লাসে ছাত্রদের এই ব্যারেজ সম্বন্ধে পড়িয়েছি- এবার সচক্ষে দেখে এলাম। তিনদিন পরে করাচী ফিরলাম এবং আমার মামাতো ভাই শামসুল আলমের ফ্রিয়ার রোডের মেসে উঠলাম। সে তখন সবে পাকিস্তান ইন্স্যুরেন্স কর্পোরেশন-এ চাকুরিতে ঢুকেছে। তিনদিন করাচীতে ছিলাম। যে করাচী শহরটা দেখলাম- তখন সেটা পাকিস্তানের রাজধানী। ক্লিফটন বীচ, ম্যানোরা দ্বীপ, গান্ধী মিউজিয়াম, ইত্যাদি দেখলাম। তিনদিন পরে আমি ও কামাল সাহেব একসঙ্গে ঢাকা ফিরলাম।

পাকিস্তান আমলে প্রতিবছর ঢাকায় শিক্ষা সপ্তাহ পালিত হত। সাহিত্য- সংস্কৃতি বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক হবার সুবাদে আমার নেতৃত্বে পাবনার দল যেত। আমার ছাত্রী রূপবাণী শিকদার, রেনু অধিকারী, অনিমা রায় ও আরও অনেকে আমার সঙ্গে গিয়ে এডওয়ার্ড কলেজের প্রতিনিধিত্ব করেছে। একবছর সবার উপর টেক্কা দিয়ে অনিমা সারা পূর্বপাকিস্তানে গানে চ্যাম্পিয়ন হল। সেবার প্রখ্যাত গায়িকা নীনা হামিদও প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। এডওয়ার্ড কলেজের ছাত্ররা চিরদিনই রাজনীতি সচেতন ছিল। আমার সহপাঠী বন্ধু মীর্জা আবদুল হালিম কিছুদিনের জন্য জেনারেল জিয়া সরকারের প্রতিমন্ত্রী হয়েছিল। আমাদের ছাত্র ফজলুর রহমান পটলও বেগম জিয়ার আমলে প্রতিমন্ত্রী ছিল। মন্ত্রী মহম্মদ নাসিমও আমার প্রত্যক্ষ ছাত্র ছিল। সে একবার ছাত্র সংসদের সাহিত্য-সংস্কৃতি বিভাগের সম্পাদক নির্বাচিত হয়েছিল। আমি ঐ বিভাগের ভারপ্রাপ্ত অধ্যাপক ছিলাম বলে নাসিমের সঙ্গে বেশি ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল। তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদও আমার ছাত্র ছিল। ওরা এখনও আমাকে তাদের শিক্ষক হিসেবে অকৃত্রিমভাবে শ্রদ্ধা করে। সংসদের এমপি-র মধ্যে চারজনই আমার ছাত্র। পাবনায় এমন কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই যেখানে শিক্ষক হিসেবে আমার ছাত্র-ছাত্রী নেই। শিক্ষকতা করে আমি কোনো বাড়ি করিনি, কোন সম্পদ করিনি। কিন্তু ছাত্র-ছাত্রীদের অঢেল শ্রদ্ধা পেয়েছি।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রিকেট দল শহীদ ড. শামসুজ্জোহার নেতৃত্বে আমাদের কলেজে এসেছিল। জোহা আমার বাসাতেই সস্ত্রীক উঠেছিল এবং এক রাত আমার বাসাতেই ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় জোহা আমার জুনিয়র ছাত্র ছিল। আমরা সলিমুল্লাহ হলের ওয়েস্ট হাউজে থাকতাম। তখন থেকে জোহার সঙ্গে আমার একটা সম্পর্ক গড়ে উঠেছিল। ড. জোহা আমাকে অগ্রজের মতো শ্রদ্ধা করতো। সদা প্রফুল্ল জোহাকে পাক সেনারা নিমর্মভাবে হত্যা করে। আজ লিখতে বসে জোহার কথা খুব বেশি করে মনে পড়ছে। এডওয়ার্ড কলেজে অধ্যাপনাকালে আমি একাধিক সেমিনারে কলেজের প্রতিনিধিত্ব করেছি। যশোর বোর্ড, ঢাকা বোর্ড ও রাজশাহী বোর্ডে প্রধান পরীক্ষকসহ পেপার সেটার, মডারেটর ও পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি। ক্লাসে পাঠদানের সময় আমি খুব কঠোর ছিলাম। আমার ক্লাসে প্রক্সি দেয়ার কোন সুযোগ ছিল না। কলেজে এবং কলেজের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে আহ্বায়কের দায়িত্ব আমার ওপর অর্পিত হয়েছে। এসব আমি যথাযথভাবে পালন করেছি। এসব ঝামেলা থেকে এখন আমার মুক্তি।

এডওয়ার্ড কলেজের ইট-কাঠ, প্রতিটি ধুলিকণার সঙ্গে আমার সম্পর্ক নিবিড়। আরও কত টুকরো টুকরো স্মৃতি লেখা হল না। তারা আমার অন্তরেই থাকুক। এডওয়ার্ড কলেজের বয়স একশত বছর পূর্ণ হল। প্রত্যাশা করছি যথাযোগ্য মর্যাদার সঙ্গে এই শতবর্ষ উৎসব পালিত হবে। পুরাতন ও নতুনের সম্মিলনে কলেজ চত্বর মুখরিত হোক। পুরাতনেরা কলেজ অঙ্গনে ঢুকে তাদের তারুণ্যের স্মৃতি রোমন্থ করুক। শতবর্ষ পালন সুন্দর হোক, সার্থক হোক। আমার প্রাণের এডওয়ার্ড কলেজ চিরজীবী হোক। আমরা থাকবো না- এডওয়ার্ড কলেজ আমাদের ভবিষ্যত প্রজন্মের জন্য ফুলে-ফলে ভরে উঠুক।

[এডওয়ার্ড কলেজ শতবর্ষপূর্তি উৎসব স্মারক থেকে সংকলিত]

লেখক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।