বিশেষ দ্রষ্টব্য : লেখকের তৃতীয় পর্বের এ লেখায়ও শৈশবের জীবনচিত্র উঠে এসেছে। বিশেষ করে রাজনৈতিক অবস্থার একটা  চিত্র ফুটে উঠেছে। এ লেখা থেকে পাঠক ষাটের দশকের শেষভাগ সম্পর্কে ধারণা পাবেন। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব বা গত লেখায় যা বলা হয়েছিল- এ পর্বের লেখায়ও একই কথা প্রযোজ্য। অর্থাৎএই লেখায় অতীত দিনের স্মৃতিকথা তুলে ধরার মাধ্যমে লেখক তখনকার জীবন-যাপন, সামাজিক  পরিবেশ, চারপাশের চালচিত্রের বর্ণনা করেছেন। তিনি তাঁর জন্মস্থান থেকে শুরু করে নানা পর্যায়ের এমন সব বিষয়কে উপস্থাপন করার লক্ষ্য নিয়ে এই ধারাবাহিকটি লিখেছেন- যার মধ্যদিয়ে উঠে এসেছে ষাটের দশকের আর্থ-সামাজিক অবস্থার খন্ডচিত্র। ফলে ইতিহাস সংরক্ষণ, গবেষণা, এবং অতীত জানার ক্ষেত্রে বর্তমান-ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ লেখা নিঃসন্দেহে মূল্যবান। এ বিবেচনা থেকেই সম্প্রীতি বাংলাদেশ-এর ওয়েবসাইটের জন্য লেখাটি নির্বাচিত হয়েছে। লেখকের গ্রন্থ থেকেও এতে প্রয়োজনীয় অংশ যোগ করা হয়েছে। এর আগে লেখার কিছু অংশ লেখকের নিজস্ব ব্লগে প্রকাশ হয়েছে। ধারাবাহিক লেখাটি কয়েক পর্বে রচিত। এ দফায় তৃতীয় পর্ব তুলে ধরা হলো। লেখায় ব্যবহৃত কাল্পনিক ছবি এ আই দিয়ে তৈরি করা। -স/প

আবুল হোসেন খোকন

বাড়ি থেকে এডওয়ার্ড কলেজ একেবারে কাছে। গেট থেকে রাস্তা, তারপর রথঘর মোড় পাড় হয়ে বটতলা বা গোলা। এর বামেই এডওয়ার্ড কলেজে প্রবেশের প্রধান পথ। ৬৯-৭০ সালের কথা। এসময় আন্দোলনে উত্তাল ছিল দেশ। এডওয়ার্ড কলেজের ঐতিহাসিক বটতলা ছিল আন্দোলন কর্মসূচি ঘোষণার প্রাণকেন্দ্র।

বেশিরভাগ সময়ই এ কলেজের ভেতর দিয়ে স্কুলে যাতায়াত করা হতো। তখন বটতলার ঝাঁঝালো মিটিং আর বক্তৃতা হা করে দাঁড়িয়ে শুনতাম। ছাত্র সংগঠনের নেতারা হাত উঁচিয়ে গলা ফাটিয়ে বক্তৃতা দিতেন। বক্তৃতা শেষ হলে জঙ্গি মিছিল নিয়ে ছুটতেন শহরের দিকে।

এডওয়ার্ড কলেজকে কেন্দ্র করে রাধানগর, মজুমদার পাড়া এবং পৈলানপুর অঞ্চল ছিল নকশাল অধ্যুষিত এলাকা। তাঁদের দাপটে অন্য কোন দল খুব একটা সুবিধা করতে পারতো না। নকশালদের এতো দাপটের কারণও ছিল। এক সময় নকশাল বাড়ি আন্দোলনের কিংবদন্তি নেতা চারু মজুমদার এডওয়ার্ড কলেজে পড়শুনা করেছেন। তিনি এখন থেকেই তাঁর রাজনীতির কাজ করেছেন এবং চারদিকে সাংগঠনিক শক্তিও তৈরি করেছেন। ফলে নকশাল রাজনীতির দাপুটে প্রভাব তৈরি হয়েছিল। বলা যায় এই এলাকার বেশিরভাগ তরুণ-যুবকই নকশাল রাজনীতির সঙ্গে যুক্ত।

এডওয়ার্ড কলেজের ভেতর একটা ব্যায়ামাগার ছিল। নকশাল নেতাদের অনেকেই এই ব্যয়ামাগারে ব্যায়াম করতেন। তাঁদের কেউ কেউ বডিবিল্ডার হিসেবে সবার চোখে পড়তেন। বিশেষভাবে নজর কাড়তেন নকশাল নেতা শহীদ ও মাসুদ। টিপু বিশ্বাস ছিলেন তাঁদেরও নেতা। এডওয়ার্ড কলেজে নকশালদের রাজনীতি চলতো ছাত্র ইউনিয়ন-এর ব্যানারে। ছাত্র ইউনিয়নে তখন দুটি ভাগ ছিল। একভাগকে মেনন গ্রুপ বলা হতো, আরেক ভাগকে মতিয়া গ্রুপ বলা হতো। এখানে মতিয়া গ্রুপের প্রভাব ছিল না। এডওয়ার্ড কলেজের দখল ছিল মেনন গ্রুপের হাতে। আমার যতোটুকু মনে পড়ে এবং বড় হবার হবার পর যা জেনেছি, তা হলো- এডওয়ার্ড কলেজে যাঁরা নকশাল বা মেনন গ্রুপ ছাত্র ইউনিয়ন করতেন, কলেজের বাইরে তাঁরা টিপু বিশ্বাসের নেতৃত্বে পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি (এমএল) নামে কাজ করতেন। কলেজের পেছন দিকে, অর্থাৎ আমাদের বাড়ি থেকে আরও কাছে একটা কালিবাড়ি ছিল, ঠিক তার পাশেই ছিল নকশালদের একটি অফিস ঘর। সাইরবোর্ডে লেখা ছিল, ছাত্র ইউনিয়ন অফিস। এই অফিসের সামনে রাস্তার পাশে ছিল তিনদিক খোলা একটা বড় সাইজের দোকানমত জায়গা। এখানে প্রতিদিন লাল টুপি মাথায় দিয়ে টিপু বিশ্বাস মিটিং করতেন। তাঁর সামনে বসে থাকতেন ১৫/২০ জন লাল টুপি মাথায় দেওয়া তরুণ-যুবক। টিপু বিশ্বাস গলা চড়িয়ে আঙ্গুল নাচিয়ে বক্তৃতা করতেন। অনেক দূর থেকেও তাঁর গলা শোনা যেতো। আমি রাস্তা দিয়ে যাতায়াতের সময় বিস্ময়ে তাকিয়ে থেকে এসব দেখতাম।

লেখকের চতুর্থ গ্রন্থ- জনযুদ্ধের দিনগুলি-এর প্রচ্ছদ। জাগৃতি প্রকাশনী থেকে এটি প্রকাশ হয়েছিল ফেব্রুয়ারি ২০১২  সালে।

২০১২ খ্রিস্টাব্দে আমার চতুর্থ গ্রন্থ প্রকাশ হয়েছিল নাম, জনযুদ্ধের দিনগুলি। সেই বইতে এই নকশালদের বিষয় নিয়ে লেখা রয়েছে। সেই বইয়ের অংশ বিশেষ-

‘আমি ছাত্র ইউনিয়ন এবং ভাসানী ন্যাপের (পরে নকশাল) অবস্থানে বাস করে ছাত্রলীগ-আওয়ামী লীগ সমর্থক হলেও ছাত্র ইউনিয়ন-ভাসানী ন্যাপের সভায়ও অংশ নিতাম। তাদের রাজনৈতিক কথা বুঝতাম না। কিন্তু এটুকু বুঝতাম- টিপু বিশ্বাস তাদের নেতা। আমাদের পাড়ার কালিবাড়ি মাঠ এবং সামনের একটি দোকানে ওদের সভা অনুষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকতাম। মনযোগ দিয়ে ওদের পোস্টার লেখা দেখতাম। ওরা রাস্তায় রাস্তায় দেয়াল লিখন লেখার সময়ও লক্ষ্য করতাম। দেখে দেখে লেখা শিখতাম।

এই সময় টিপু বিশ্বাসের পরের নেতা ছিলেন মাসুদ, শহীদ, তোতা নামে কয়েকজন ব্যায়ামবীর। অন্যদিকে ছাত্রলীগের তুখোর নেতা ছিলেন আবদুস সাত্তার লালু। তার নেতৃত্বে ছাত্রলীগের মিছিল যখন আমাদের এলাকায় ঢুকতো তখন তারা সব রকম লড়াইয়ের প্রস্তুতি নিয়ে আসতো। আর ছাত্র ইউনিয়নেরও অবস্থান থাকতো পাল্টাপাল্টি।

এই সময় একটা বিষয় লক্ষ্য করছিলাম। ছাত্র ইউনিয়ন এবং ভাসানী ন্যাপের পাশাপাশি পূর্ব বাঙলার কমিউনিস্ট পার্টি (এমএল) নামে দেওয়াল লিখন শোভা পেতে শুরু করে। এই লিখন লিখছিল ওই ছাত্র ইউনিয়ন-ন্যাপের লোকেরাই। আস্তে আস্তে বুঝতে পারছিলাম ন্যাপ-ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরাই পূর্ব বাঙলার কমিউনিস্ট পার্টির লোক এবং এরাই নকশালবাড়ি আন্দোলনের সঙ্গে জড়িত।’

‘৭০ সালের কথা। প্রতিদিন স্কুলে মিছিল ঢুকতো। কোনদিন ছাত্রলীগ, কোনদিন ছাত্র ইউনিয়ন। মিছিল এসেই ক্লাস ভেঙে দিতো এবং সব ছাত্রকে মিছিলে নিয়ে যেতো। আমরাও ক্লাসের হাত থেকে রক্ষা পেতে মহানন্দে মিছিলে সামীল হতাম। চিৎকার করে সবার সঙ্গে  স্লোগান দিতাম, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা’৬ দফা ১১ দফা, মানতে হবে মানতে হবে’জয় বাংলা’ তোমার নেতা আমার নেতা শেখ মুজিব শেখ মুজিব’তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ’। ছাত্র ইউনিয়নের মিছিলে স্লোগান দিতাম, ভোটের বাক্সে লাথি মার, পূর্ব বাঙলা স্বাধীন করো’জয় সর্বহারা’টিপু বিশ্বাসসহ সকল রাজবন্দির মুক্তি চাই’। মুসলিম লীগের মিছিল দেখেছি, কিন্তু তাতে কখনও যাইনি। ওরা স্কুলে আসতো না। রাস্তা দিয়ে মিছিল করে চলে যেতো। তবে ছাত্র ইউনিয়ন এবং ছাত্রলীগের মিছিলে যতো মানুষ হতো- তা কল্পনাকেও হার মানাবার মতো। মিছিলের মাথা থেকে লেজ খুঁজে পাওয়া যেতো না। ক-তো মাইল লম্বা মিছিল যে হতো ভাবাও যায় না। আর এই মিছিলে মানুষ যোগ দিতো দোকানপাট বন্ধ করে, অফিস-প্রতিষ্ঠিান গুটিয়ে রেখে। এ-তো মানুষের স্লোগানে আকাশ-বাতাস বিস্ফোরণের মত কাঁপা শুরু করতো।

একদিন আমাদের মিছিলের স্রোত যাচ্ছিল জেলখানার পাশ দিয়ে। তখন জেলখানাকে পশ্চিমে রেখে পূব দিকে ছিল একটি গোডাউন। ওই গোডাউনের কাছে গেলে জেলখানার দ্বিতীয়তলার জানালা দেখা যেতো। সেদিন ওই জানালা দিয়ে রাজনৈতিক নেতা টিপু বিশ্বাসসহ কয়েকজন দাঁড়িয়ে হাত নেড়ে স্বাগত জানাচ্ছিলেন। আর মিছিলের নেতারা ওই গোডাউনের সামনে দাঁড়িয়ে হাত ঊঁচিয়ে জবাব দিচ্ছিলেন। এসময় মিছিল থেকে  স্লোগান উঠছিল, টিপু বিশ্বাসের মুক্তি চাই’ মতিয়া চৌধুরীর মুক্তি চাই’শেখ মুজিবের মুক্তি চাই’সকল রাজবন্দির মুক্তি চাই’জ্বালো জ্বালো আগুন জ্বালো’।

লেখকের প্রথম গ্রন্থ- ঘাতকের পদতলে বসবাস-এর প্রচ্ছদ। খোকা-বাবু প্রকাশন থেকে এটি প্রকাশ হয়েছিল জানুয়ারি ১৯৯৪  সালে।

আরও একদিনের মিছিল। একুশে ফেব্রুয়ারিকে সামনে রেখে। মিছিল থেকে শহরের সব ইংরেজি লেখা সাইনবোর্ড ভাঙা হয়। হাজার হাজার মানুষ মিছিল থেকে এক একটি দোকান-প্রতিষ্ঠানের সাইনবোর্ডের ওপর লাঠি-সোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ছিলেন। অনেকে ইট-পাটকেল নিক্ষেপ করে ওগুলো গুড়িয়ে দিচ্ছিলেন। মহাউৎসাহে চলছিল এসব। তবে কোন দোকান-প্রতিষ্ঠানের ক্ষতি করা হচ্ছিল না, শুধু সাইনবোর্ডই ভাঙা হচ্ছিল।

এ রকম সময়ে জাতীয় সঙ্গীত নিয়েও প্রতিবাদ শুরু হয়ে যায়। আমরা স্কুলে গাইতাম, পাক সার জমিন সাদ বাদ, কিশওয়ারে হাশিন সাদ বাদ, তু নিশানে আজমে আলীশান, আজমে পাকিস্তান…। কিন্তু তখন আমরাও গাইবো না গাইবো না বলে প্রতিবাদ জানানো শুরু করেছিলাম। পতাকা উত্তোলনের সময় হয় চুপ করে থাকতাম, অথবা গালি দিয়ে উল্টোপাল্টা কথা বলতাম।

এরমধ্যে কয়েকটি সঙ্গীতকে বিকল্প জাতীয় সঙ্গীত হিসেবে গাওয়া শুরু হয়ে যায়। এর একটি ছিল, পূরব বাংলা শ্যামলী ময়…। তবে ধন ধান্যে পুষ্পে ভরা, আমার এ দেশ বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে যে স্মৃতি দিয়ে ঘেরা…. সঙ্গীতটি বিকল্প জাতীয় সঙ্গীত হিসেবে বেশি গাওয়া হয়।

এই সময়টাতে ছাত্রলীগ আর ছাত্র ইউনিয়নের মধ্যে দা-কুমড়া সম্পর্ক ছিল। আমরা অবশ্য তখনও সেটা ভাল করে বুঝিনি। শুধু অনুমান করতে শুরু করি- একদিন স্কুলে ছাত্রলীগের রণপ্রস্তুতি দেখে। খবর এসেছিল ছাত্র ইউনিয়নের মিছিল আসবে স্কুলে। সঙ্গে সঙ্গে ছাত্রলীগ সমর্থকরা স্কুলে লাঠি-সোটা জড়ো করতে থাকে। প্রস্তুতি নেয়া হয় ছাত্র ইউনিয়নকে রুখে দিতে। আমরা টানটান উত্তেজনায় পড়ে যাই। শেষ পর্যন্ত অবশ্য ছাত্র ইউনিয়নের মিছিল স্কুলে আসেনি। মারপিটও হয়নি।

ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়নের বিরোধ এক পর্যায়ে বড় রকমের সংঘাতে রূপ নিয়েছিল। আর রাজনৈতিকভাবে এর বিস্তৃতি ঘটেছিল আওয়ামী লীগ এবং ভাসানী ন্যাপের মধ্যে। ভাসানী ন্যাপ ও ছাত্র ইউনিয়নের ঘাঁটি ছিল আমাদের রাধানগর গ্রাম এবং এডওয়ার্ড কলেজ এলাকায়। আর ছাত্রলীগ-আওয়ামী লীগের অবস্থান ছিল অন্য সব জায়গায়।’

(চলবে)

লেখক পরিচিতি : আবুল হোসেন খোকন

০৯ নভেম্বর ১৯৬২ খ্রিস্টাব্দে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা পাবনা শহরে (রাধানগর মহল্লায়) জন্ম। সাংবাদিকতা ও লেখালেখি ১৯৭৯ খ্রিস্টাব্দ থেকে। ১৯৮৫ থেকে গণমাধ্যমের শীর্ষ পদে কর্ম। জাতীয় পর্যায়ে দৈনিক সংবাদ, বাংলাদেশ প্রতিদিন, আমাদের সময়, দৈনিক ডেসটিনি, দৈনিক মাতৃভূমি; আঞ্চলিক পর্যায়ে দৈনিক করতোয়া, দৈনিক উত্তরবার্তা; জাতীয় পর্যায়ে সাপ্তাহিক পূর্বালোক; এবং স্থানীয় পর্যায়ে সাপ্তাহিক শরণী, সাপ্তাহিক বিবৃতি, সাপ্তাহিক পাবনা-এর শীর্ষ পদে দায়িত্ব পালন। আশি-নব্বই ও দুই হাজারের দশকে জাতীয় এবং আন্তর্জাতিক মাধ্যমের কলাম লেখক। মুক্তিযুদ্ধ, ইতিহাস, সাংবাদিকতা, ভ্রমণ, গল্প-প্রবন্ধভিত্তিক রচিত গ্রন্থ ৮টি। দুই শতাধিক প্রামাণ্য চলচ্চিত্র’র নির্মাতা। জাতীয় মাসিক ট্যাবলয়েড সম্প্রীতি বাংলাদেশ-এর সম্পাদনা পর্ষদ সদস্য।

লেখক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।