[বিশেষ দ্রষ্টব্য : প্রয়াত কৃষিবিদ সমজিৎ পাল তরুণ বয়সে ছিলেন নিবেদিপ্রাণ সাহিত্য-সাংস্কৃতিক সংগঠক। ২০২২ খ্রিস্টাব্দে তাঁর অকাল প্রয়াণের পর লেখক এই স্মৃতিকথা রচনা করেন এবং এটি মুদ্রিত সম্প্রীতি বাংলাদেশ-এর তৃতীয় বর্ষ ৫ম সংখ্যার (৪ এপ্রিল ২০২৬) চতুর্থ পৃষ্ঠায় প্রকাশ হয়েছিল। লেখাটি ওয়েবসাইটের পাঠকদের জন্য পূন:প্রকাশ হলো।– সম্পাদনা পর্ষদ : সম্প্রীতি বাংলাদেশ।]

শুচি সৈয়দ
কবি শামসুর রাহমানের একটি বিখ্যাত কবিতা আছে ‘ছেলেটা পাগল নাকি?’ গত শতকে লেখা সেই কবিতায় ৬০-৭০ দশকের তরুণদের রাজনীতি, সংস্কৃতি, মিছিলে মিটিঙে অংশ নেয়া তরুণদের নিয়ে লেখা। সেই সময়ের তরুণ্য আসলেই ‘পাগল’ ছিল। তাদের মুরুব্বিদের চোখে- অগ্রজদের চোখে- তারা তাদের স্নেহ করতেন, সমীহ করতেন এবং বুঝতে চাইতেন এই ‘পাগল’ ছেলেগুলো কী চায়? কিসের অন্বেষণে বিনিদ্র রজনী কাটায়? পুলিশের ভয়ে পালিয়ে বেড়ায়। প্রচলিত খেলাধূলা, আনন্দ-ঠাট্টায় কেন অংশ নেয় না- মুখ গুঁজে পড়ে থাকে বইয়ের পৃষ্ঠায়! কবিতা লেখে- এক কথায় জীবন উচ্ছন্নে নেবার জন্য যা যা করা প্রয়োজন সেইসব কাজে ঘোরের ভেতরে জীবনের মূল্যবান সময় কাটায় নাকি অপচয় করে?
ঠিক এ রকম একটা সময়-বাস্তবতায় আমরা আমাদেরকে পেয়েছিলাম। পাবনার মত এক অনুজ্জ্বল মফস্বল শহরে, শিক্ষাসহ প্রায় সবক্ষেত্রে পিছিয়ে থাকা এক জনপদে। একদল পাগল কিশোর, তরুণ কবিতা লিখে, গান গেয়ে, মিছিল করে- শহরের প্রাণের মধ্যে যারা স্পন্দন জাগাতো। একুশে ফেব্রুয়ারিতে প্রভাত ফেরি করত, পথে পথে কালো পিচের ওপর আল্পনা আঁকতো, সামরিক শাসন বিরোধী পোস্টার-লিফলেট লিখতো, কার্টুন প্রদর্শনী করতো- কতসব বিচিত্র আইডিয়া যে ছিল এদের মাথায়; বলে শেষ করা কঠিন।
এমন সময়েরই আমরা পরস্পরকে পেয়েছিলাম- সাপ্তাহিক কবিতা পাঠের আসর ‘কবিকণ্ঠে’- কবিতা পড়তে পড়তে, একজনের কবিতা অন্যজনকে শোনাতে, অন্যের কবিতা শুনতে, তার ভালো-মন্দ নিয়ে কথা বলতে বলতে আমরা আমাদের বন্ধু হয়ে উঠেছিলাম, ভাই হয়ে উঠেছিলাম, পরস্পর পরস্পরের সহযোদ্ধা হয়ে উঠেছিলাম। এমন পরমাত্মীয় হয়ে উঠেছিলাম যে তাকে ভাষায় বর্ণনা করা যায় না।
সেই ‘অদ্ভূত পাগলদের’ই একজন সমজিৎ পাল। দেশের এক কৃতী সন্তান ড. সমজিৎ কুমার পাল, দেশ যেমন তাঁকে দিয়েছে কর্মে সম্মান, তিনিও দেশকে দিয়ে গেছেন তাঁর কীর্তিময় জীবন।

তাঁকে নিয়ে দারুণ পাগলামির দিনগুলো নিয়ে যে কথা মনে আসে তা লিখি-
মনে আছে ‘সাপ্তাহিক বিবৃতি’র ‘ঈদ সংখ্যা’ বের করব আমরাÑআমাদের কম্পোজ কর্মী আবদুল মজিদ এবং বদর উদ্দিন এঁরা তো আছেনই তবুও অতিরিক্ত কম্পোজিটর লাগবে। কে কম্পোজ করবে? নিজেরাই ঠিক করি- সমজিৎ দা এবং আমি। সন্ধ্যায় মজিদ ও বদর ভাই চলে গেলে রাতে আমি এবং সমজিৎ দা বসে যাই ওদের দু’জনের টুলে, টাইপের কেসগুলোর সামনে। আমাদের অবিরাম চা-বিস্কুট এবং আদলের সিঙারা যোগান দেন বিবৃতি’র অন্যতম কর্মী জয়নাল আবেদীনÑমাঝে ঢুঁ মেরে যান রতন মৃধা, বিবৃতি’র পাগল প্রকাশক! বিবৃতি’র অফিস তখন পাবনার বিখ্যাত ‘মহিলা বিতান’ গলির বাইবেল রিডিং লাইব্রেরি ছিল যে ভবনে সেই দোতলায়। রাতে শোবার সময় আমরা শিবজিত দা যে টেবিলে বসে সম্পাদকীয় লিখতেন তার উপর ঘুমোতাম, মশা তাড়াতে গায়ে দিতাম ‘দৈনিক বার্তা’ পত্রিকা। রাজশাহী থেকে প্রকাশিত দেশের তখনকার প্রথম শ্রেণির দৈনিক পত্রিকা, তার পাবনা প্রতিনিধি শিবজিত দা, বিবৃতির সম্পাদক। জয়নাল আবেদীন ভাই আমাদের তালা মেরে বাড়ি চলে যেতেন- সকালে এসে তালা খোলার আগেই আমরা আবার যেটুকু পারি কম্পোজ এগিয়ে রাখতাম, যাতে সকালে এসে মজিদ ভাই মেকাপ দিতে পারেন গ্যালি থেকে কম্পোজগুলো নিয়ে। আমাদের কম্পোজ ম্যাটার প্রুফ দেখতে হতো না; কারণ আমরা প্রায় নির্ভুল বানানে কম্পোজ করতে পারতাম। নির্ভুল বাংলা লেখার অভ্যাসটা আমাদের ভেতর বদ্ধমূল করে দিয়েছিলেন আমাদের আরেক পাগল অগ্রজ কবিকণ্ঠ ও বিবৃতি’র প্রথম সম্পাদক শ. ই শিবলী। তখন হয়তো আমাদের কাছেই মনে হতো বানান নিয়ে যেন এটা ছিল তাঁর বাড়াবাড়ি কিন্তু আজ এই প্রবীণ বয়সে পৌঁছে শ্রদ্ধায়, ভালোবাসায় চোখ ভিজে যাচ্ছে শিবলী ভাইয়ের কথা স্মরণ হয়ে।
আমরা এইসব ভালোবাসা, পরিশ্রম, সাঁতরে সাঁতরে এসেছিলাম। এরই মধ্যে জীবন-জীবিকা, পড়াশোনা আমাদের ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে দেশের বিভিন্ন স্থানে। কিন্তু রয়ে গেছে আমাদের সম্পর্কের অন্তঃসলিলা এক অস্তিত্ব। জীবন-জীবিকার টানে মহম্মদ রাশেদ, জাহাঙ্গীর-উল হক, জাহাঙ্গীর আলম মুকুল ভাই, শ্যামল দত্ত, আমি ঢাকায়। পড়াশোনা শেষ করে সমজিৎ দা ঈশ্বরদী, ঠাকুরগাঁ। আবু রইস ভাই কুমিল্লা, আতাহার আলী ভাই রংপুর- এমন ছড়িয়ে ছিটিয়ে। কিন্তু আমাদের নাড়ি পোঁতা সাপ্তাহিক বিবৃতি অফিসে। শিবজিত দা, খোকন ভাই, অমল তখন বিবৃতি’র যাত্রা পূর্ণমাত্রায় অক্ষুন্ন রেখে চলেছেন। বিবৃতি আমাদের প্রাণবায়ুর মতো।
ঢাকার সেই টালমাটাল সময়ে একবার ঈদে পাবনা গেলাম দেখি সমজিৎ দা-ও এসেছেনÑখুশির খবর দিলেন ডক্টরেট করার জন্য দুটি অফার পেয়েছেন; একটি ফিলিপাইনের ম্যানিলায় আন্তর্জাতিক ধান গবেষণা ইন্সটিটিউট (ইরি) থেকে, আরেকটা দিল্লির একটা ইউনিভার্সিটিতে। বললেন, ‘কোথায় যাবো একটা পরামর্শ দাও!’ দ্বিধান্বিত তিনি, সিদ্ধান্ত নিতে। আমি খুব দৃঢ়তার সঙ্গে বললাম, ‘ইরি-তে যান।’ তিনি বললেন, ‘দিল্লি কাছে, প্লাস মাস দুই-তিন পর দেশে এসে মা’কে দেখে যেতে পারবো, সংসারের জন্য কিছুটা অবদান রাখা যাবে আর ফিলিপাইনের ভাষা, দূরত্ব খরচ সাশ্রয় করার অপরচুনিটি কম’-এরকম প্রসঙ্গগুলো। বলাই বাহুল্য সমজিৎ দা ছিলেন অসাধারণ মাতৃভক্ত সন্তান- আমি তাঁকে ঈর্ষা করি এর জন্য। একই রকম শ্রদ্ধা করি শিবজিত দা-কে তাঁর মাসীমা’র প্রতি অবিচল ভক্তির জন্য। কিন্তু আমি খুব রূঢ়ভাবে তাঁকে ভর্ৎসনা করি, বলি, ‘ইরি’র ডিগ্রির গুরুত্ব হবে বিশ্বব্যাপী, আর অন্য কোথাও থেকে ডিগ্রি নিলে তার জন্য আপনাকে পদে পদে সমস্যায় পড়তে হবে। মাসীমার জন্য ওখান থেকে আপনি কাজে লাগবেন স্বাচ্ছন্দ্য এবং স্বাচ্ছল্যের।’ সমজিৎ দা আমার যুক্তি গ্রহণ করেছিলেন। ফিলিপাইন থেকে যখন ফিরে এলেন তখন যেন এক অন্য সমজিৎ পাল দেশে প্রত্যাবর্তন করেছিলেন। আমাদের সঙ্গে কথা বলছিলেন ফ্লুয়েন্ট ইংরেজি এবং ভাঙা ভাঙা বাংলায়- ভাবা যায়! আমি খুব খুশি হয়েছিলাম, তাঁর ব্যক্তিত্ব দেখে- অন্যরকম এক ভালোবাসায় নিজেকে পিঠ চাপড়ে দিয়েছিলাম। দেশ এক রত্ন পেয়েছে, এই অনুভূতি আমাকে আচ্ছন্ন করে দিয়েছিল সেই ভালো লাগা, ভালোবাসায়। সেদিন পাবনা প্রেসক্লাবে শিবলী ভাই এবং হাবিবুর রহমান স্বপন ভাই পাবনা ‘রিপোর্টার্স ইউনিটি’র আয়োজনে আমার ছড়ার বই, রইস ভাইয়ের উপন্যাসের প্রকাশনা উৎসবের আয়োজন করে। দুটি বইই ছেপেছিল আমাদের পরম বন্ধু অমল সরকার। সে অনুষ্ঠানে আলোচক ছিলেন শ্রদ্ধাস্পদ অধ্যাপক কামরুজ্জামান, অধ্যাপক মনোয়ার হোসেন জাহেদী।
অনুষ্ঠান শেষে পিএইডি সমজিৎ পাল এবং পাগল আমরা আমাদের চিরাচরিত নিয়ম অনুযায়ী ফুটপাতের চায়ের দোকানে তুমুল আড্ডায়। চা-ওয়ালা ভাবতেও পারছে না এ সেই সমজিৎ নয়, যেন চিরচেনা সেই সমজিৎই ‘পাবনার ছাওয়াল!’ এই শব্দ দু’টি খুব ব্যবহার করতেন দেশের বরেণ্য কথা সাহিত্যিক রশীদ হায়দার এবং কবি শ. ই শিবলী।
২.
সেদিন ফোন করে বন্ধু মতিনুল হাসান মতিন বলছে, ‘চল, কিছু একটা করি; আমরা কি সমজিৎ দা-কে ভুলে যাব? মরে গেলে কাউকে মনে রাখবো না?’ সমজিৎ দা’র অকাল প্রয়াণের পর প্রথম স্মরণ সভার প্রায় সিংহভাগ আয়োজন করেছিল মতিন। দ্বিতীয় স্মরণ সভারও। কিন্তু ও কোনো স্মৃতিচারণ করেনি- আমি জানি ওর সঙ্গে সমজিৎ দা’র আরো বিচিত্র স্মৃতি রয়েছে-আবৃত্তি সংসদ, গণশিল্পী এসব নিয়ে। আশ্চর্য লাগছে, সব আয়োজন করেও ও নিজে কিছু লেখেনি সমজিৎ দা’কে নিয়ে, কিছু বলেওনি স্মরণ সভায়। আরও আশ্চর্য বিষয় যে ও সমজিৎ দা’র পাঁচটি বই ছেপেছে ওর ‘সুন্দরম প্রকাশনা’ থেকে! ওকে তো আমার এক ‘অদম্য পাগল’ বলে মনে হচ্ছে এই লেখা লিখতে বসে। মতিনের নীরবতা আশ্চর্যজনক নীরবতা-এও কি আমাদের আরেক ধরনের পাগলামির অবিচ্ছেদ্য অঙ্গ? আমি ঠিক জানি না, বুঝতে পারছি না!

৩.
যে কোন শোকসভা একটা ভাবগম্ভীর আনুষ্ঠানিকতা-সমজিৎ দা’কে নিয়ে প্রথম শোকসভা তেমনটা ছিল না; ছিল স্বজনকে সতত স্মরণের আবরণে জড়িয়ে রাখা জীবনের সঙ্গে ওতপ্রোত করে। পাবনা থেকে ঢাকায় এলেন শিবজিত দা, কণিকা আপা। তখন আবু হেনা মোস্তফা কামাল লী-দেশের ৪ নম্বর ব্যক্তি, তাঁর ব্যস্ততার সীমা-পরিসীমা নেই সে সময় দেশের প্রতিরক্ষা সচিব তিনি। এবং আমাদের মত সব আম-পাগল। শোকসভার সভাপতি শিবজিত দা, উপস্থাপনায় দায়িত্ব শ্যামল দা’র, আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাতে মগ্ন। শিবজিত দা যে কোনো সভায় যথার্থ বক্তা শাবলীল, সচ্ছন্দ এবং আমার মূল্যায়নে খুবই প্রয়োজনীয় পরিমিত বক্তা। যা বলেন, তা অনেকের কাছে দীর্ঘ মনে হয় কিন্তু আমার কাছে মনে হয় প্রয়োজনীয়। শোকসভার বক্তব্য শুরু করে সেদিন শিবজিত দা আর থামছেনই না- আমি দাদাকে থামাতে শ্যামল দা’কে ইঙ্গিত করছি মিনিট পনেরো- শ্যামল দা পাশে বসে থামাতে পারছেন না। কারণ দাদা যা বলছেন, তা যেন আমাদের নিয়ে তাঁর অন্তরের নিভৃতে জমা থাকা অনুভূতির বরফ গলা জল। শেষে তাঁকে থামাতে উপস্থাপনার মাইক্রোফোন নিতে হল আমার, পর পর দুইবার। সেদিন উদ্বিগ্ন হয়েছিলাম শিবজিত দা-কে নিয়ে। আজ লিখতে বসে মনে হচ্ছে দেশের বরেণ্য বুদ্ধিজীবী ড. সিরাজুল ইসলাম চৌধুরী, তাঁর সম্পাদিত ‘সাপ্তাহিক সময়’-এ একবার ‘ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর’ স্মরণে প্রবন্ধ লিখেছিলেন, বিদ্যাসাগরের ব্যক্তিত্বকে বোঝাতে- মায়ের মত হƒদয়বান’ শিরনামে। বিদ্যাসাগর যিনি তাঁর জাতিকে মায়ের হৃদয় দিয়ে পরিচর্যা করেছিলেন, গড়ে তুলেছিলেন। প্রতিটি সম্ভাবনার নেপথ্যে এক নিরীহ মা দাঁড়িয়ে থাকেন যিনি গড়েন তার সন্তানদের।
আমরা পাবনা শহরে যারা শিক্ষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি রাজনীতি চর্চার মধ্যে বেড়ে উঠেছি তাদের নেপথ্যে মায়ের মত হƒদয়বান শিবজিত নাগের অবদান রয়েছে; সমজিৎ পালের শোকসভায়, তাঁর সেই হৃদয় বাঁধ ভেঙে প্রবাহিত হয়েছিল হঠাৎ।
আমাদের প্রতি শিবজিত দা-র ভালোবাসাটা কেমন সেটা উপলব্ধি করে এইসব পাগলামিতেই অবগাহন করে আমরা একটা ভালোবাসার জীবন পার করে দিলাম। যেন কবিগুরুর সেই গানের মত-
মেঘ বলেছে ‘যাব যাব, রাত বলেছে ‘যাই’
সাগর বলে ‘কূল মিলেছে-আমি তো আর নাই’
দুঃখ বলে ‘রইনু চুপে, তাঁহার পায়ের চিহ্ন রূপে’
আমি বলে ‘মিলাই আমি আর কিছু না চাই’!
ভুবন বলে ‘তোমার তরে আছে বরণমালা’,
গগন বলে ‘তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা’।
প্রেম বলে যে ‘যুগে যুগে তোমার লাগি আছি জেগে’
মরণ বলে ‘আমি তোমার জীবনতরী বাই’॥
লেখক পরিচিতি : শুচি সৈয়দ
বাংলাদেশের স্বনামধন্য কবি, লেখক ও সিনিয়র সাংবাদিক। তিনি সম্প্রীতি বাংলাদেশ-এর সম্পাদনা পর্ষদ সদস্য।