আহমেদ হুমায়ুন কবির তপু

পাবনার বেড়া উপজেলার দুর্গম গ্রাম হাঁটুরিয়া। এখনকার সময়ে এটিকে দুর্গম গ্রাম মনে হলেও শত বছর আগে নদী পথের যোগাযোগ সহজ হওয়ার কারণে যমুনা নদী পাড়ের এই গ্রামটি ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। উনবিংশ শতাব্দির শুরু থেকেই ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল এ অঞ্চল। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটায় এক পর্যায়ে জমিদার ও প্রভাবশালীরা এ অঞ্চলে বসতি শুরু করেন।

তেরো জমিদারের শেষ স্মৃতি

প্রথমে এ গ্রামে দুইজন জমিদার তাদের বসতি শুরু করলেও ধীরে ধীরে অনেক জমিদারসহ ধনাঢ্য ব্যবসায়িরা এ গ্রামে বসতি শুরু করেন। এরপর নদী পারের এ গ্রামে গড়ে উঠে বড় বড় প্রাসাদ, মন্দিরসহ প্রাচীন স্থাপনা। ঐতিহাসিকদের মতে, বিংশ শতাব্দির মাঝামাঝি পর্যন্ত (জমিদারি প্রথা বিলুপ্তির আগে) একে একে ১৩ জন জমিদার এই ছোট্ট গ্রামে বসতি গড়ে তোলেন। জমিদারির কিছুই অবশিষ্ট না থাকলেও কালের বিবর্তনে গ্রামটি  তেরো জমিদারের গ্রাম হিসেবেই পরিচিতি পেয়ে যায়।

এই গ্রামে সরেজমিনে গিয়ে দেখা গেছে, এখন আর প্রাচীন ঐতিহ্যের তেমন কিছুই নেই। কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে কেবল জীর্ণশীর্ণ কিছু পুরনো স্থাপনা। যেমন রয়েছে পলেস্তারা খসা ভগ্নপ্রায় বিশাল অট্টলিকা, শানবাঁধানো পুকুর, বাড়ির প্রবেশমুখে বাঘ-সিংহের পাথরের মূর্তি, পুরনো মন্দিরের স্মৃতি চিহ্ন।

এক সময়ের জৌলুসে ভরা গ্রামটিতে এখন সমস্যার শেষ নেই। প্রয়োজনীয় অভ্যন্তরীণ রাস্তা নেই। পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় গ্রামের একটা বড় অংশে কয়েক মাসজুড়ে থাকে জলাবদ্ধতা। অস্বাস্থ্যকর পরিবেশের কারণে এখানে অসুখ-বিসুখ লেগেই আছে। সবচেয়ে বড় সমস্যা, এ গ্রামের বাসিন্দাদের বড় অংশই নদীভাঙনে নিঃস্ব। এ কারণে অভাব-অনটন তাদের নিত্যসঙ্গী।

হাঁটুরিয়া গ্রামের তোরো জমিদারির গল্প রয়েছে লোকজনের মুখে মুখে। জমিদারদের পাইক-পেয়াদার কথা, গানের আসরের কথা, পাশেই যমুনা নদীতে রাজাদের ভাসমান প্রমোদতরীর কথা- মানুষের মুখে এখন গল্প হয়ে বঁচে আছে। এলাকার প্রবীণ ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় ব্যবসা-বাণিজ্যের অন্যতম কেন্দ্র ছিল এই হাঁটুরিয়া গ্রাম। বড় বড় বণিক বাস করতেন এ অঞ্চলে। পার্শ্ববর্তী বাণিজ্যকেন্দ্র নাকালিয়া বাজারের সঙ্গে কলকাতার নৌপথে সরাসরি যোগাযোগ ছিল। একশ’ বছর আগে এই গ্রামে দুজন জমিদারের বাস ছিল। পরে জমিদারদের সংখ্যা বাড়তে থাকে। একসময় এই সংখ্যা দাঁড়ায় তেরোতে। এই তেরোজন জমিদার হলেন প্রমথনাথ বাগচী, কাঞ্চীনাথ বাগচী, উপেন্দ্রনাথ বাগচী, ভবানীচরণ বাগচী, কালীসুন্দর রায়, ক্ষীরোদচন্দ্র রায়, সুরেনচন্দ্র রায়, সুধাংশুমোহন রায়, শক্তিনাথ রায়, বঙ্কিম রায়, ক্ষুদিরাম পাল, যদুনাথ ভৌমিক ও যতীন্দ্রনাথ  ভৌমিক। এলাকার প্রবীণ ব্যক্তিদের মতে, এই জমিদারদের বসবাসের সময়কাল ছিল আনুমানিক উনবিংশ শতকের শুরু থেকে বিশ শতকের মাঝামাঝি পর্যন্ত। তেরো জমিদারের মধ্যে সবচেয়ে প্রজাবৎসল ছিলেন জমিদার প্রমথনাথ বাগচী। প্রজাপীড়ক ছিলেন যদুনাথ ভৌমিক।  তবে এক গ্রামে এতজন জমিদার থাকলেও তাদের মধ্যে কখনো দ্বন্দ্ব-সংঘাত ছিল না। বিভিন্ন পূজা-পার্বণে সবাই মিলেমিশে উৎসব পালন করতেন। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর দেশ ভাগের আগে-পরে তারা সবাই একে একে স্থায়ীভাবে কলকাতায় চলে যান। দুই একজনের বংশধরেরা  থেকে গেলেও মুক্তিযুদ্ধের সময় তারাও চলে যান। জমিদারদের চলে যাওয়ার সঙ্গে সঙ্গে বিলীন হতে থাকে তাদের  রেখে যাওয়া স্থাপনা, সম্পদ আর ঐতিহ্য। জমিদারদের প্রত্যেকেই বাস করতেন প্রাচীরঘেরা অট্টালিকায়। অট্টালিকার পাশেই ছিল শানবাঁধানো ঘাট। সংরক্ষণ ও সংস্কারের অভাবে বর্তমানে বেশির ভাগ পুকুরই ভরাট হয়ে গেছে। যে কয়েকটি অবশিষ্ট রয়েছে সেসবের অবস্থাও করুণ।

তেরো জমিদারের শেষ স্মৃতি

একই রকম অবস্থা বড় বড় অট্টালিকারও। মালিকানা বদলের পর কিছু অট্টালিকা ভেঙে ফেলা হয়েছে। কিছু কিছু যতেœর অভাবে ভেঙে গেছে। সাক্ষী হিসেবে গ্রামে এখনও দু-তিনটি অট্টালিকার ভগ্নাবশেষ রয়ে গেছে। জরাজীর্ণ এসব অট্টালিকায় জীবনের ঝুঁকি নিয়ে বাস করছে কয়েকটি পরিবার। এমনি একটি পরিবার হচ্ছে, দ্বিতল অট্টালিকায় বসবাস করা দিলীপ গোস্বামীর পরিবার। অর্পিত সম্পত্তি হিসেবে ইজারা নিয়ে অর্ধ শতাব্দির বেশি সময় বাস করছেন পরিবারটি।

তেরো জমিদারের শেষ স্মৃতি

দিলীপ গোস্বামীর ছেলে পলাশ গোস্বামী জানান, অট্টালিকার এক স্থানে এর নির্মাণকাল ১৯১১ সাল এবং নির্মাতা হিসেবে জমিদার ক্ষীরোদচন্দ্র রায়ের বাবা উমেশচন্দ্র রায়ের নাম খোদাই করা ছিল। তিনি ছেলেবেলায় এখানে সুপরিসর জলসাঘরসহ অনেক কক্ষ দেখেছেন। হলরুমে ক্ষীরোদচন্দ্র রায়ের পূর্বপুরুষের ছবি ছিল। জলসাঘরসহ সব কক্ষই এখন জরাজীর্ণ। ছবিগুলোও নষ্ট হয়ে গেছে। কয়েক বছর আগে ভবনটির বিভিন্ন স্থানে বড় বড় ফাটল ধরে। ভাঙ্গাচোরা ভবনটিতে গাছ জন্মেছে। ফলে বসবাসের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে ভবনটি। এ অবস্থায় মুল ভবনের পেছনে আলাদা ঘর তুলে বসবাস করছে তাদের পরিবার।

হাঁটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুুল হামিদ বলেন, ‘ভাবতে অবাক লাগে! তেরোজন জমিদারের বসবাস করা ঐতিহ্যবাহী জমজমাট গ্রামটির আজ কী করুণ দশা! প্রাচীন ঐতিহ্যে ভরপুর গ্রামের ঐতিহ্য ধরে রাখার কোন উদ্যোগ নেয়া হয়নি। ফলে কালের বিবর্তনে জমিদারদের সম্পদ নিজেদের করে নিয়েছেন স্থানিয়রা। প্রাচীন স্থাপনা ভেঙ্গে ফেলে গড়ে তোলা হয়েছে গ্রামের মানুষের বাসস্থান। কালের বিবর্তনে এখন প্রায় বিলিন হতে বসেছে ড়্রামের অতীত ঐতিহ্য।’

তারমত আরও অনেকেই জানান, প্রথম থেকেই উদ্যোগ নেয়া হলে, বিশেষ করে যখন গ্রামের প্রতিটি কোনায় ছড়িয়ে ছিল প্রাচীন কালের ঐতিহ্যের স্মৃতি চিহ্ন- তখন দুর্গম এ গ্রামেই গড়ে উঠতে পারত একটি পর্যটন কেন্দ্র। কিন্তু সময়মত সরকারিভাবে বা স্থানিয়দের মধ্যে থেকে উদ্যোগ না নেয়ায় ধীরে ধীরে বিলিন হয়েছে উনবিংশ ও বিংশ শতাব্দির ইতিহাস সমৃদ্ধ ঐতিহ্য।

লেখক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।