[দৃষ্টি আকর্ষণ : সম্প্রীতি বাংলাদেশ, তৃতীয় বর্ষ ১২ তম সংখ্যায় (১৪ নভেম্বর ২০২৬) প্রকাশিত ফিচার প্রতিবেদন]
সৈয়দ মুসতাফী বৃত্তা
‘পাকশী পর্যটন কেন্দ্র হবে’ এ আশা শুধু পাবনাবাসীর নয়, অনেক ভ্রামনিকই তা চান। কিন্তু ইচ্ছা আর তা পুরণের মধ্যে বিস্তর ব্যবধান। পাকশীর মাটি উর্বর। কিন্তু সৌন্দর্য বাড়াবার উদ্যোগে নেই। এখানে বৃক্ষ, লতা, গুল্ম ও কোমল কান্ত উদ্ভিদ আবাদের ক্ষেত্র তৈরি হয়ে আছে। কেবল উদ্যোগ চাই। গরু-ছাগলে মুখ দেয় না এমন বৃক্ষের মধ্যে বাঁদর লাঠি বা সোদাঁল গাছ বিনা যতেœ বড় হয়। ফুলেল বসন্তে এ গাছে অজস্র ফুল ফোটে। রেল লাইনের ঢালে বা বাঁধের ঢালে এ ধরণের গাছ পর্যটকদের মন মেজাজ আনন্দে ভিজিয়ে দেবে। ঈশ্বরদী রেলওয়ে সড়কের দু’পাশের প্রান্তিক ভূমিতে এবং বন্যা নিয়ন্ত্রণ বাঁধে বা নদীর পাড়ে সামাজিক বনায়ন গড়ে তোলার পরিবেশ রয়েছে। খেজুর চারা রোপন করলে সৌন্দর্য আরও বাড়বে। বন্য প্রাণী সংরক্ষণ উন্নয়নের জন্য বট, পাকুর, জাম প্রভৃতি প্রয়োজন। এছাড়া গোলাপী ক্যাসিয়া আর জাভা ক্যাসিয়া গাছ রোপন করে বৈচিত্র্য আনা যায়। কালকাসুন্দেও শোভাবর্ধন করে। এই গাছের ঘন সবুজ পাতার সঙ্গে মিশে থাকে হলুদ ফুলের সৌন্দর্য। গরমের সময় দীর্ঘ দিন ধরে হলুদ ফুলের স্তবক ডালে ডালে ঝুলে থাকে। কালকাসুন্দের লম্বা লম্বা চ্যাপ্টা ফলের সঙ্গে অনেকে পরিচিত। সামাজিক বনসৃজনের কর্মসূচিতে এ গাছ তালিকাভুক্তি করা যায়। রেল বিভাগের যে বাগান আছে তা দায়সারা গোছের।

পাকশী টিকিট কাউন্টার সংলগ্ন সংক্ষিপ্ত বাগানে ক্যাসিয়া রেনিজেরা মানাবে ভালো। বাগান প্রশস্ত করলে বৃক্ষবিথি তৈরি করা যায়। গ্রীষ্মের দুপুরে পর্যটকদের ছায়া সৃষ্টি করবে এই সব গাছ। পাশাপাশি পলাশও মন জুড়িয়ে দেয়। শেষ শীতে পাতাহীন ডালে ডালে জেগে ওঠে সিঁদুরে পাপড়ি। সৃষ্টি করে অসাধারণ দৃশ্য। এ ফুলের আকর্ষণে মৌমাছি ও নানা প্রজাতির পাখি ভিড় জমায়। প্রায় এক মাস ধরে চলে ফুল ফোটানোর খেলা। পদ্মা তীরে পলাশ বাড়ে অবাধে। ফুল ফোটা পর্ব শেষে গাছ ছেয়ে যায় পাতলা পাতলা সবুজাভ ফলের লম্বা লম্বা পাতা আর দুধ সাদা ফুল। দর্শক টানে। বাতাসে মিষ্টি সুবাস ছড়িয়ে দেয়। পায়ে চলা পথের পাশে কুরচি একেবারে মানানসই। সুবাস পিয়াসীরা ফুরফুরে মেজাজে ঘুরঘুর করবে। ফিরে ফিরে আসবে পদ্মা তীরে। কিন্তু পদ্মাও দূরে সরে গেছে। বর্ষা ছাড়া পাকশীতে থাকে না।
গরু-ছাগলের পসন্দ নয় এমন অনেক লতা আছে যা কলোনী দেয়ালে মানানসই। রুশনে লতা, প্রবাল লতা, নারঙ্গী লতা, রেল লতা ও অলক্ত মঞ্জুরী দিয়ে কাঁটা তার সাজানো যায়। শরতে ও বসন্তে থোকা থোকা লাল-বেগুনী ফুল। প্রবাল লতা আগাছার মতো জঙ্গল সৃষ্টি করে ফেলে। এ লতায় প্রায় সারা বছর ধরে ফুল ফোটে। নারঙ্গী লতার বেঁটে বেঁটে শাখায় থোকা থোকা ফুল ফোটে। কমলা রঙের এই ফুল সারা বছর দেখা যায়। অলক্ত মঞ্জরী অনেকটা রঙ্গন ফুলের কথা মনে করিয়ে দেয়। শীতকালে ঘন লাল ফুলের থোকায় ভরে যায় গাছ। নাতিশীতোষ্ণ আবহাওয়ায় বর্ষাকালের শেষেও একবার ফুল ফোটে। রেলের শহর পাকশীতে রেল লতা থাকবে না- এ হতে পারে না। পাঁচিল বেয়ে উঠতে রেল লতা বেশ পারদর্শী। বাড়েও দ্রুত। গোলাপী নীলাভ ফুল ফোটে সারা বছর। আকারে চোঙের মতো। লতা না ছাঁটলে সীমার মধ্যে আটকে রাখা যায় না।
গুল্ম শ্রেণীর গাছের মধ্যে রয়েছে কলকে, করবী, ক্যাসিয়া, কামিনী, ক্লেরোডেনড্রেন, জ্যাট্রোকা, টগর, ধুতরো, নিশিন্দা, ল্যান্টানা, বেড়া কলমী, হাসনুহেনা প্রভৃতি। করবী গুল্মে ফুল ফোটে অনেক দিন। গাঁটে গাঁটে থাকে তিনটে করে সবুজ পাতা। কলকে ফুল হলুদ বর্ণের। পাতার কোলে কোলে ফোটে হলুদ ফুল। ক্যাসিয়া এলাটা আর সোফোরাও হলুদ ফুল দিয়ে থাকে। পরিবেশের সৌন্দর্য আরও বাড়ায় কয়েক রকমের ক্লেরোডেনড্রেন। বেড়াবার জায়গাগুলোতে এ গুল্ম মানায় ভালো। কামিনীর দেহ সৌষ্ঠব আর সুন্দর থোকা থোকা সাদা ফুলের ঘ্রাণও মন মাতায়। হাসনুহেনার তীব্র সুবাস মোহাচ্ছন্ন করে রাখে। পাকশীতে এমারিলিশ গোত্রের উদ্ভিদসহ অনেক গাছই দেখা যায়। চওড়া ফিতের মতো পাতার এগাছ পর্যটকদের না টানলেও বাগান সাজানোর জন্যে উপযোগী। পাশাপাশি আছে চন্দন কুচ। পাতার ওপর লাল ও সাদা রঙের ফোঁটা।
পর্যটক ও যারা শিক্ষা সফরে যান তাদেরও উপকারার্থে রুচি সম্মতভাবে বৃক্ষরোপণ করে বড় করতে পারলে পাকশীর সৌন্দর্য আরও বাড়বে। কৃত্রিম ও প্রাকৃতিক দৃশ্য মিলেমিশে অনন্য করে তুলবে স্থানটিকে। কিন্তু উদ্যোক্তাও পরিকল্পনা রূপায়নকারীর দেখা মিলছে না।

নবীন মেঘের আনাগোনা আকাশ জুড়ে। এ সময় বৃষ্টির নুপুর বাজে হার্ডিঞ্জ সেতুর ভাঁজে ভাঁজে। শ্রাবণ শাসানো দিনে পাকশীতে লাভ করা যায় অন্য রকম অনুভূতি। এখানকার নিজস্ব ভৌগলিক স্বরূপটি স্পষ্ট থেকে স্পষ্টরূপে উদ্ভাসিত হয়ে ওঠে। আবেগে-অনুভবে আকাশে-বাতাসে দেখা যায় নানা চেহারা। প্রাক সন্ধ্যায় ঘাসের কার্পেটে খেলা করে কীট পতঙ্গ। কল্পনায় স্বপ্ন চালিতের মতো পদ্মার উজানে ধেয়ে গেলে পাওয়া যায় মৌসুমী হাওয়ার রাণী শরীরের বিমুগ্ধ সংকেত। সোঁদা মাটির ঘ্রাণ ভাসা সময়ে পাখির কলকাকলি, হাওয়ার শব্দ, পাতার সঙ্গে পাতার কানাকানি মিলেমিশে একাকার। রোদ-বৃষ্টির খেলা চলে সারাদিন। সন্ধ্যার পর পরই ভেসে বেড়ায় জোনাকি তারার কুহক। যারা প্রকৃতি প্রেমিক তারা বর্ষাকালের হৃদস্পন্দন ফিরে ফিরে অনুভব করেন। একশো বছরেও পাকশী পর্যটন কেন্দ্র হিসেবে স্বীকৃতি পেল না! এটা গিনেস বুক অফ রেকডর্সে স্থান পাবার যোগ্য। নঞর্থক কৃতিত্ব হিসেবে। সংস্কৃতির পীঠ স্থানে এক ঝাঁক কৃতিত্ববানের এই জেলার এ এক গভীর লজ্জা।
বর্ষাকালে পর্যটকদের তেমন আনা গোনা থাকে না। তারপরেও যে দু’চারজন যান, তারা স্নিগ্ধ শ্যামল গাছ-গাছালি ঘেরা ব্রিটিশ বাংলোর বারান্দায় দাঁড়িয়ে চার পাশে চোখ মেলেন। বিংশ শতককে মনে হয় যেন কত আলোক বর্ষ দূরে। বৃষ্টি নিরোধক পোশাক পরে বা ছাতা নিয়ে বন্ধুর সঙ্গে নদী তীরের বাঁধে হাঁটতে অন্য রকম লাগে। যখন আকাশ কালো হয়ে আসে, মেঘের ডমরু বেজে ওঠে গুরু গর্জনে তখনই বা তারপরে শ্রাবণের ঢল নামলে ছাতায় বৃষ্টি বাধা মানে না। গা ভিজে ওঠে। কখনো বা মনে বিরক্তির বাতাস আসা যাওয়া করে। এ সময় নদী আকাশ-আর সেতুর দিকে তাকালে অনুভব করা যায় আকাশ নদী একাকার। খাঁটি অক্সিজেনে মনটা ভরে ওঠে।
পাকশিতে ঘন জঙ্গল নেই। ঝোপ-ঝাড় আর বেশ কয়েকটি বাগ বাগিচা আছে। শতবর্ষী শীল কড়ই আছে অনেক গুলো। বাজারের পথ ধরে এগুলে এসব বৃক্ষ দেখা যায়। সবই রেল এলাকা। রেলের শহর পাকশি। সড়কের দুপাশে বৃক্ষ শাখা ছেয়ে আছে চাঁদোয়ার মতো। গাছতলায় দাঁড়িয়ে দিগন্ত ছোঁয়া বিকেলের বৃষ্টিতে মনটা কেমন যেন হয়ে যায়। বেশ নির্জন। নিরিবিলি। শ্রাবণ ঢলে ডুবে যায় পাকশী প্রান্তর। কিন্তু উপভোগ করার মতো ছাউনি নেই।
বন-পাহাড়ের সৌন্দর্য নেই। ইস্পাত-ও পাথুরে পরিবেশে কল্পনায় উঠে আসে জলীয় বাষ্পের ঘ্রাণ। ভেজা হাওয়ায় হাঁটতে হাঁটতে মিশে যাওয়া যায় বর্ষার গহনে। বৃষ্টির খিলান, টেরাকোটা আর বৃষ্টির দেয়াল হার্ডিঞ্জ সেতুর গায়ে ভেসে ওঠে। এসব কারুকাজ অস্পষ্ট ভাবে দেখা যায় শিল্পী চোখে। প্রায় ভরা পদ্মার শরীর জুড়ে শব্দ তরঙ্গের ঢেউ ভাঙে। থোকা থোকা বৃষ্টি গর্ভ মেঘ ভেসে যায় নদীর ওপর দিয়ে। জোড়া সেতুর আকাশে ছানা কাটা মেঘের আনাগোনা সবাই খেয়াল করেন না। এ সময় প্রত্যাশিত বৃষ্টিপাতে বিকেলেই দিন রাতের ভেদাভেদ মুছে যায়। নামে অন্ধুকার। পাকশীর মাহাত্ম্য ও প্রাকৃতিক সৌন্দর্যময়তার কথা যতটা বর্ণনাযোগ্য তার অধিক অনুভবময়। বাধের সবুজ গা বেয়ে স্থানে স্থানে বৃষ্টির পানি নামে প্রপাতের মতো। শেষ আষাঢ়ের ঝড়ে বাতাসে সাঁই সাঁই শব্দ। বৃষ্টি ভেজা পাকশীর ছবি নেয়না কেউই।

মাঝে মধ্যে লাগাতার বৃষ্টি লেগে থাকে। যেন প্রাকৃতিক তান্ডব। বিপর্যয় নেমে এলে তখন ঘরে ফেরা ছাড়া গত্যন্তর নেই। বৃষ্টিতে বিরক্ত বোধ হলে স্টেশন কাউন্টারের সামনের বেঞ্চিতে বসেও শান্তি নেই। পানি পড়ে। এরই মধ্যে এখানে ঝম ঝম সুর তুলে ট্রেন এসে দাঁড়ায়। যাত্রীরা ভিজতে ভিজতে ট্রেন থেকে নেমে সিঁড়ি বেয়ে আসেন। মেঘলা আকাশ আর শীতালো হাওয়া ধৌত পাকশীর প্রকৃতি অনুভবে উঠে আসে। বর্ষার বন্দনা শোনা অনেকের ভাগ্যেই হয় না। যখন আকাশ ঝেঁপে অলস ভঙ্গিতে বৃষ্টি নামে তখন কেউ সহজে ভিজতে চান না। নদী তীরে বাঁধের পাশে পাকা ছাউনি গড়ে তুললে পর্যটকদের বেশ সুবিধা হবে। পদ্মার পাড় খাবলানো ঢেউ দেখার কথা মন থেকে মুছে যাবে না কখনো। কারণ সমুদ্রের ধারে তো নোনা হাওয়া আর পদ্মেয় অববাহিকায় মিঠা পানির হাওয়া আরও ভাল। এর সঙ্গে কারও তুলনা করা চলে না। পদ্মার হাওয়া পদ্মা তীরেই উপভোগ্য। পাকশীতে ভেষজ বাগান গড়ে তোলা হলে শিক্ষা সফরে যারা যান তারা উপকৃত হবেন। পর্যটকেরাও খানিক স্বস্তি লাভ করবেন। বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসবেন হেকিম-কবিরাজেরা। জমে উঠবে ভেষজ হাট -বাজার। প্রকৃতির নিয়ামকপুষ্ট জীবনদায়ী ভেষজ আবাদের ক্ষেত্র তৈরি হয়ে আছে। কেবল পর্যবেক্ষণ করে উদ্যোগ নেবার অভাবই রয়ে গেছে। ২০০৪ খৃস্টাব্দে বন মন্ত্রণালয় থেকে বলা হয়, ১০ একর খাস জমির ওপর ওষুধি বাগান সৃষ্টি করতে হবে। কিন্তু প্রশাসন গুরুত্ব না দেওয়ায় এখানে আজও বাগান গড়ে তোলা সম্ভব হয়নি।