[দৃষ্টি আকর্ষণ : সম্প্রীতি বাংলাদেশ, তৃতীয় বর্ষ ১২ তম সংখ্যার (১৪ নভেম্বর ২০২৬) পাঁচ পৃষ্ঠায় প্রকাশিত রচনা]
মো. মহিউদ্দিন ভূঁইয়া
বর্তমান পাবনা জেলা থেকে উনবিংশ শতাব্দীর দিকে (বর্তমানের সিরাজগঞ্জ জেলা ব্যতীত) যে কয়েকটি পত্রিকা প্রকাশ হতো সেগুলোর মধ্যে বর্তমান ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার থেকে প্রকাশিত ‘মাসিক বিজলী পত্রিকা’ টি অন্যতম। পাবনার সংবাদপত্রের ইতিহাস থেকে জানা যায়- পাবনা জেলা থেকে সে সময়ে মোট ১০টি পত্রিকা প্রকাশ হতো। প্রকাশিত পত্রিকার মধ্যে সাপ্তাহিক ৩টি, পাক্ষিক ১টি, মাসিক ৫টি এবং দ্বৈমাসিক ১টি।
পাবনা নিবাসী রামসুন্দর রায় নামক জনৈক এক ব্রাহ্মণ পাবনা হিতৈষী কোম্পানি অফিস থেকে প্রথম ‘পাবনা দর্পণ’ নামের একটি মাসিক পত্রিকা প্রকাশ করেন। এরপর চাটমোহর নিবাসী শ্রীধর রায় কুন্ডুর উদ্যোগে এবং গুণাইগাছা গ্রামের ভেরবনাথ সিদ্ধান্ত- এর সম্পাদনায় গুণাইগাছা থেকে ‘জ্ঞানবিকাশিনী নামের একটি সাপ্তাহিক পত্রিকা, পাবনার হরিশ্চন্দ্র শর্মা তলাপাত্র কর্তৃক ‘অণুবীক্ষণ’ নামের মাসিক পত্রিকা, পাবনার মালঞ্চি গ্রামের দিবাকর প্রেস থেকে সেখানকার সরকার বাবুদের উদ্যোগে ‘বার্তাবহ’ নামের একটি সাপ্তাহিক পত্রিকা, দিলপাশার গ্রামের তৎকালীন জমিদার বামাচরণ মজুমদারের উদ্যোগে দিলপাশার থেকে ‘বিজলী’ নামের একটি মাসিক পত্রিকা, পাবনা থেকে ‘ঊষা’ ও ‘জ্যোৎস্না’ নামের দুটি মাসিক পত্রিকা, স্বর্গীয় কিশোরীমোহন রায় কর্তৃক পাবনা থেকে ‘সুরাজ’ নামের একটি সাপ্তাহিক পত্রিকা, পাবনা থেকে ‘আরতি’ নামের একটি দ্বৈমাসিক পত্রিকা এবং পাবনা থেকে ‘শাশ্বত’ নামের একটি পাক্ষিক পত্রিকা প্রকাশ হতো। বর্তমানে উল্লিখিত পত্রিকাগুলোর একটিও আর প্রকাশ হয় না।
দিলপাশার থেকে প্রকাশিত মাসিক ‘বিজলী’ পত্রিকা সম্পর্কে দিলপাশার এলাকার বর্তমান প্রজন্ম তো বটেই. শত বছরের বয়োবৃদ্ধ মানুষদেরও অজানা। ১০২ বছর বয়সের অধিকারী সাবেক গ্রাম পঞ্চায়েত সদস্য ধীরেন্দ্রনাথ ঘোষ আমাকে জানান যে, তিনি বামাচরণ মজুমদার সম্পর্কে জানেন, কিন্তু বিজলী পত্রিকা প্রকাশের ব্যাপারে কিছুই জানেন না।
পাবনা জেলার বর্তমান ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার গ্রামটি এক সময় ‘বারেন্দ্র কায়স্থ প্রধান পল্লী’ বলে পরিচিত ছিল। নগেন্দ্রনাথ বসু সিদ্ধান্ত বারিধি রচিত বঙ্গের জাতীয় ইতিহাস গ্রন্থ পাঠে জানা যায়- কানু নন্দিবংশীয় কোনো একজন দিলপাশার এসে বসতি স্থাপন করেন। তাঁর বংশে দুই পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। প্রথম পুত্রের নাম গঙ্গাচরণ মজুমদার ও দ্বিতীয় পুত্রের নাম ভবানীচরণ মজুমদার। এছাড়া ত্রিপুরাসুন্দরী নামে এক কন্যা সন্তান ছিল তার। অন্য এক সূত্রে জানা যায়- মুরহরদেবের শেষ পক্ষের ছয় সন্তানের মধ্যে কারও বংশধর দিলপাশার গিয়ে বসতি স্থাপন করেন। এই বংশের পূর্বপুরুষ বলরাম মজুমদার। অর্থাৎ মজুমদার বংশীয় হিন্দু সম্প্রদায় হলো দিলপাশার গ্রামের আদি বাসিন্দা। এই বংশের কেউই আর দিলপাশার গ্রামে এখন নেই। বর্তমানে দিলপাশার গ্রামে ঘোষ সম্প্রদায়ের মানুষ বিশেষ প্রতিপত্তিশালী ও অবস্থাপন্ন। এছাড়া হালদার ও অল্পসংখ্যক মুসলমান সম্প্রদায়ের মানুষ বর্তমানে মিলেমিশে এখানে বসবাস করছেন।

ভাঙ্গুড়া উপজেলার দিলপাশার গ্রামের জমিদার বামাচরণ মজুমদার ছিলেন একজন উচ্চশিক্ষিত ও সংস্কৃতিমনা ব্যক্তিত্ব, যিনি ১৯১৩ খ্রিস্টাব্দে ‘বাঙ্গালার জমিদার’ নামের একটি বিখ্যাত ইতিহাস গ্রন্থ প্রণয়ন করেছিলেন। বিংশ শতাব্দীর শুরুর দিকে মফস্বল বা গ্রামাঞ্চলে মুদ্রণযন্ত্র (প্রেস) ছিল না। তাই তৎকালীন পূর্ববঙ্গের দিলপাশারের মতো প্রত্যন্ত অঞ্চল থেকে কোনো পত্রিকা সম্পাদনা বা পরিচালনা করা হলেও, তার ফাইনাল প্রিন্ট বা ছাপার কাজটি হতো কলকাতা, ঢাকা, বা পাবনা শহরের কোনো প্রতিষ্ঠিত প্রেসে। জমিদার বামাচরণ মজুমদারের অর্থায়ন ও উৎসাহে এই মাসিক ‘বিজলী’ সাহিত্য পত্রিকাটি দিলপাশার থেকে আলোর মুখ দেখে। এটি মূলত ওই অঞ্চলের স্থানীয় লেখক, কবি ও গুণীজনদের সাহিত্যচর্চার একটি বড় প্ল্যাটফর্ম বা মুখপত্র হিসেবে কাজ করত। তৎকালীন সময়ে যাতায়াত ও যোগাযোগের এত সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও একটি গ্রাম থেকে নিয়মিত মাসিক পত্রিকা বের করা তাঁর অদম্য সাহিত্যপ্রেম এবং পৃষ্ঠপোষকতারই প্রমাণ বহন করে।
‘বাঙ্গলার জমিদার’ গ্রন্থটি ১৯১৩ সালে বামাচরণ মজুমদার কর্তৃক রচিত ও প্রকাশিত একটি ঐতিহাসিক বাংলা বই। ১৯১৩ সালে কলিকাতা ২১/১ নম্বর আন্টনী বাগান লেন হতে বইটির প্রথম সংস্করণ প্রকাশ হয়। মোট ১৮২ পৃষ্ঠার বইটির মূল্য ছিল এক টাকা। এই বইটিতে বাংলার জমিদারদের ইতিহাস, তাদের সমাজ সংস্কার, প্রজা পালন এবং সেকাল থেকে একালের জমিদারদের ভূমিকা ও কার্যাবলির বিস্তারিত আলোচনা রয়েছে।
তথ্যসূত্র : ১। রাধারমণ সাহা, পাবনা জেলার ইতিহাস, পৃষ্ঠা : ৩৩৭
২। নগেন্দ্রনাথ বসু সিদ্ধান্ত বারিধি, বঙ্গের জাতীয় ইতিহাস, পৃষ্ঠা : ১২৫, ১৭৫