সম্প্রীতি বাংলাদেশ, তৃতীয় বর্ষ ১২ তম সংখ্যায় (১৪ নভেম্বর ২০২৬) প্রকাশিত নিজস্ব প্রতিবেদন
সম্প্রীতি প্রতিবেদক
ঘাটতি মোকাবেলায় বাজারে আসছে পাবনা অঞ্চলের বহুল আলোচিত মুড়িকাটা পেঁয়াজ। এরইমধ্যে গ্রামীণ আবাদীরা এর পেছনে ব্যস্ত সময় দিচ্ছেন। আগামী মাস থেকেই এ পেঁয়াজ বাজারে আসা শুরু করবে।
আবাদীদের দেওয়া তথ্যানুযায়ী, মুড়িকাটা পেঁয়াজ মূলত একটি আগাম জাতের ফসল, যা দেশের পেঁয়াজের ঘাটতি মেটাতে বড় ভূমিকা রাখে। প্রতি বছর অক্টোবর থেকে নভেম্বর (আশ্বিন-কার্তিক) মাসের মধ্যে পাবনার সুজানগর, চাটমোহর ও সদর উপজেলার উঁচু জমিগুলো থেকে পানি নেমে গেলে এই পেঁয়াজ রোপণ করা হয়। রোপণের পর মাত্র আড়াই থেকে তিন মাসের মধ্যে, অর্থাৎ ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের মধ্যে এই পেঁয়াজ পুরোপুরি তোলার উপযোগী বা উৎপাদিত হয়ে যায়। ফলে ডিসেম্বর মাসের শুরু থেকেই এই নতুন পেঁয়াজ পাবনার স্থানীয় হাট-বাজারসহ সারা দেশের বাজারে আসতে শুরু করে। জানুয়ারির শেষ পর্যন্ত এর সরবরাহ পুরোদমে বজায় থাকে। এই পেঁয়াজের জীবনকাল ৭৫ থেকে ৮০ দিন।
কৃষি বিভাগের তথ্যানুযায়ী, জেলায় এবার ৮ হাজার ৯৩০ হেক্টর জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ১৭১৬, আটঘরিয়ায় ৩৬০, ঈশ্বরদী ৮১১, চাটমোহর ৪৪০, ভাঙ্গুড়া ৪০, ফরিদপুর ৩৫৫, বেড়া ২ হাজার, সাঁথিয়া ১৬১৩ ও সুজানগর উপজেলায় ১৫৮৫ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এসব উপজেলা থেকে ১ লাখ ৩৯ হাজার ৯৩২ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হবে বলে আশা করা হচ্ছে।
খোঁজ নিয়ে ধারণা পাওয়া গেছে, নতুন মৌসুমে মুড়িকাটা পেঁয়াজ আবাদ নিয়ে এ অঞ্চলের চাষীরা আবারো স্বপ্ন দেখছেন। যদিও তাঁদের মধ্যে সার সংকট, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও শ্রমিকের মজুরি বৃদ্ধির বিষয় নিয়ে চিন্তিত। কৃষকদের ভাষ্য, গত বছরের তুলনায় বিঘাপ্রতি আবাদ খরচ বেড়েছে ৫ থেকে ১০ হাজার টাকা। উৎপাদন খরচ বাড়লেও মৌসুম শেষে পেঁয়াজের ন্যায্য দাম মিলবে কি না- তা নিয়ে দুশ্চিন্তা কাজ করছে।
পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভাষ্য হলো, মুড়িকাটা পেঁয়াজ আবাদ হয় চারা বা হালি পেঁয়াজ আসার আগে বাজারের চাহিদা মেটাতে। গত কয়েক দফায় ভালো বাজার না পাওয়ায় অনেক কৃষক এবার মুড়িকাটার আবাদ কমিয়েছে।
ওয়াকেবহাল সূত্র মতে, মুড়িকাটা পেঁয়াজ চাষ বেশ ব্যয়বহুল হলেও সঠিক বাজারমূল্য পেলে এটি অত্যন্ত লাভজনক একটি ফসল। বীজ (কন্দ), সার, সেচ, কীটনাশক ও শ্রমিকের মজুরি বৃদ্ধির কারণে বর্তমানে প্রতি বিঘা (৩৩ শতাংশ) জমিতে মুড়িকাটা পেঁয়াজ আবাদে ৭০,০০০ থেকে ৯০,০০০ টাকা পর্যন্ত খরচ হচ্ছে, যা আগে ৬০,০০০ থেকে ৮০,০০০ টাকা ছিল। আবহাওয়া অনুকূলে থাকলে প্রতি বিঘায় গড়ে ৭০ থেকে ৮০ মণ পেঁয়াজ উৎপাদিত হয়। বাজারজাতকরণের শুরুতে (ডিসেম্বর-জানুয়ারিতে) সাধারণত বাজারে পুরনো পেঁয়াজের ঘাটতি থাকে। ফলে নতুন মুড়িকাটা পেঁয়াজ ভালো দামে বিক্রি করা যায়। কৃষকদের খরচ তুলে লাভ করতে হলে প্রতি মণ পেঁয়াজ ন্যূনতম ২,৫০০ টাকা দরে বিক্রি করতে হয়। যদি বাজারে মণপ্রতি দাম ৩,০০০ থেকে ৩,৫০০ টাকা পাওয়া যায়, তবে প্রতি বিঘায় ২,১০,০০০ থেকে ২,৮০,০০০ টাকার পেঁয়াজ বিক্রি করা সম্ভব। সব খরচ বাদ দিয়ে তখন বিঘাপ্রতি ১,২০,০০০ থেকে ১,৫০,০০০ টাকা পর্যন্ত নিট লাভ করা সম্ভব হয়।