কপালী কাটার তালিকায় ৫২ হাজার খেজুর গাছ

সম্প্রীতি বাংলাদেশ, তৃতীয় বর্ষ ১২ তম সংখ্যায় (১৪ নভেম্বর ২০২৬) প্রকাশিত নিজস্ব প্রতিবেদন

মোসতাফা সতেজ

পাবনা সদরসহ সব উপজেলায় রস আহরণের আশায় খেজুর গাছের কপালী কাটা শুরু হয়েছে। ৩ শতাধিক গাছি ও শিউলি তাদের পরিকল্পনা মতো রস সংগ্রহ শুরু করেছেন। এই গাছ থেকে শিউলিরা সংগ্রহ করবেন সুমিষ্ট রস,  তৈরি হবে লোভনীয় গুড় ও পাটালি।

পাবনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, জেলায় ৫২ হাজারেরও বেশি খেজুর গাছ আছে। এর মধ্যে ঈশ্বরদীতে ১৬ হাজার, সাঁথিয়ায় ৭ হাজার, পাবনা সদর ও বেড়া উপজেলা সাড়ে ৬ হাজার করে, চাটমোহর ও ফরিদপুরে ২ হাজার করে, আটঘরিয়া, সুজানগর ও ভাঙ্গুড়া প্রায় ৪ হাজার করে গাছ আছে। গড়ে ২০-২৫টি গাছের সঙ্গে গড়ে ২ জন করে (গাছি ও শিউলি) কাজ করেন। সে হিসাবে ৩শ লোকবল এ মৌসুমে ব্যস্ত থাকছেন। এই রস ও রস থেকে গুড়ের তৈরি নানান রকম পিঠা ও পায়েস খাওয়ার ধুম পড়বে এই শীত মৌসুমে। ভোক্তারা জানান, খেজুরের নলেন গুড়ের স্বাদ ও ঘ্রাণ ভীষণ লোভনীয়। রসনা তৃপ্তিতে খেজুর গুড় ও পাটালির জুড়ি নেই।

খোঁজ নিয়ে জানা গেছে, এরইমধ্যে ব্যাপারীরা গ্রামের শিউলিদের সঙ্গে খাঁটি রস ও গুড়ের জন্য যোগাযোগ শুরু করেছেন। আবার কেউ কেউ শিউলিদের নিকট অগ্রিম টাকা তুলে দিচ্ছেন ভাল রস, গুড় ও পাটালি পাওয়ার আশায়। অগ্রিম টাকা পেয়ে অনেক শিউলি কিনছেন রস সংগ্রহের উপকরণ। পাবনার বাইরে থেকেও শিউলি (রস সংগ্রহকারী) ও গাছিরা (যারা গাছের কপালী কাটে) আসছেন।

চাটমোহর উপজেলায় এখন পর্যন্ত শীতের আগমন সেভাবে না ঘটলেও গাছিরা খেজুর গাছের ডাল পরিষ্কার, দা  তৈরি, গাছে ওঠার দড়ি, মাটির ভাড় ও রস জ্বালানোর তাওয়া কেনা, চুলা তৈরিসহ যাবতীয় কাজ পুরোদমে করছেন। আর মাত্র সপ্তাহখানেক পর থেকেই গ্রামবাংলার গৌরব আর ঐতিহ্যের প্রতীক খেজুর গাছকে ঘিরে পল্লী এলাকায় শুরু হবে উৎসব মুখর পরিবেশ।

জানা গেছে, এ বছর গাছিরা একটু আগেভাগেই খেজুর গাছের কপালী কাটতে শুরু করেছেন। তবে এরইমধ্যে  হাট-বাজারে পাটালী গুড় পাওয়া যাচ্ছে। চাটমোহরের মূলগ্রামের গাছি আ. কাদের জানান, এবার তিনি ৫০টিরও বেশি গাছে রস সংগ্রহ করবেন। গাছের মালিকদের গুড় দিয়ে চুক্তি করা হচ্ছে। আরেক গাছি আ. সাত্তার এবার ৩০টি গাছে রস সংগ্রহ করবেন।

ইতিহাস থেকে জানা গেছে, এক সময় এ জেলার খেজুরের রস, গুড় ও পাটালি উৎপাদনে প্রসিদ্ধ ছিল। এখনও দেশের বিভিন্ন অঞ্চল তো বটেই, দেশের বাইরেও এর কদর রয়েছে। তবে বাণিজ্যিকভাবে খেজুর বাগান তৈরি না করায় আগের মত আর রস, গুড় উৎপাদন হয় না। এখানে আসল পাটালী গুড়ের কদর বেশী। শীত মৌসুমে যে রস, গুড় ও পাটালি তৈরি হয়, তা নিয়ে ক্রেতাদের মধ্যে রীতিমত কাড়াকাড়ি শুরু হয়। অসাধূ ব্যক্তিরা চিনি ও ফিটকিরি মিশ্রিত গুড় বাজারজাত করে থাকেন। 

লেখক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।