[নভেম্বর ২০২৬ সংখ্যা সম্প্রীতি বাংলাদেশ-এ প্রকাশিত নিজস্ব প্রতিবেদন]

সম্প্রীতি প্রতিবেদক

বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিক, সাংবাদিক-কলামিস্ট, গ্রন্থ লেখক, পাবনা প্রেসক্লাবের সন্মানিত সদস্য আবুদল জব্বার (৭১) গত ২৪ অক্টোবর চীর বিদায় নিয়েছেন। পাবনা সদরের মালিগাছায় অবস্থিত নিজ বাসভবনে ভোর ৪ টায় তিনি প্রয়াত হন। দীর্ঘদিন ধরে তিনি শারীরিক জটিলতা ও অসুস্থতায় ভুগছিলেন, এবং শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। ওইদিনই বাদ জোহর মজিদপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে তাঁর লাশ মজিদপুর কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।

বিশিষ্ট সাংবাদিক আবদুল জব্বার বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্রে নিয়মিত সংবাদ প্রেরণ ছাড়াও সমসাময়িক ঘটনা নিয়ে কলাম লিখেছেন। মুক্তিযুদ্ধ নিয়ে তাঁর লেখা একাধিক গ্রন্থও রয়েছে। অভাব-অনটনের সঙ্গে পাল্লা দিয়ে আবদুল জব্বার সাংবাদিকতা ছাড়াও প্রগতিশীল রাজনৈতিক কর্মকান্ডে যুক্ত ছিলেন। তিনি ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, সিপিবি’র রাজনীতিতে সক্রিয় থেকেছেন। দেশের প্রতিটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং সাম্প্রদায়িকতাবিরোধী প্রতিটি আন্দোলনের সঙ্গে ওৎপ্রোতভাবে যুক্ত ছিলেন। আজীবন তিনি সমাজ ও রাষ্ট্রীয় অব্যবস্থাপনার বিরুদ্ধে লড়াই করেছেন। মেহনতি মানুষের মুক্তির সংগ্রাম ও অধিকার আদায়ের জন্য রাজপথ কাঁপিয়েছেন। ভোগ করেছেন জেল, জুলুম, হামলা-মামলা-অত্যাচার-নির্যাতন। তিনি এক সময় মালিগাছা ইউনিয়নের নির্বাচিত সদস্যও ছিলেন।

সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা আবদুল জব্বারের মৃত্যুতে সাংবাদিক সমাজ এবং রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া  নেমে আসে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেন সাবেক রাষ্ট্রপতি ও পাবনা প্রেসক্লাবের জীবন সদস্য মো. সাহাবুদ্দিন, পাবনা-৫ (সদর) আসনের সংসদ-সদস্য এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সভাপতি ও পাবনা প্রেসক্লাবের জীবন সদস্য অঞ্জন চৌধুরী পিণ্টু, পাবনা প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক যথাক্রমে আখতারুজ্জামান আখতার ও জহুরুল ইসলাম। ২৫ অক্টোবর পাবনা প্রেসক্লাব মিলনায়তনে তাঁর স্মরণে একটি  শোকসভা অনুষ্ঠিত হয়েছে। আজীবন বিপ্লবী আবদুল জব্বারের এই প্রয়াণে শোকাহত হয়েছেন তাঁর বিপুল সংখ্যাক ভক্ত, সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষি।

লেখক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।