বিশেষ দ্রষ্টব্য : লেখকের দ্বিতীয় পর্বের এ লেখায়ও শৈশবের জীবনচিত্র উঠে এসেছে। বিশেষ করে বেড়ে ওঠা, বন্ধু-বান্ধব, খেলাধুলা, সামাজিক প্রেক্ষাপট এবং চেতনাগত অবস্থার একটা চিত্র ফুটে উঠেছে। এ লেখা থেকে পাঠক ষাটের দশকের শেষভাগ সম্পর্কে ধারণা পাবেন। প্রথম পর্ব বা গত লেখায় যা বলা হয়েছিল- এ পর্বের লেখায়ও একই কথা প্রযোজ্য। অর্থাৎএই লেখায় অতীত দিনের স্মৃতিকথা তুলে ধরার মাধ্যমে লেখক তখনকার জীবন-যাপন, সামাজিক  পরিবেশ, চারপাশের চালচিত্রের বর্ণনা করেছেন। তিনি তাঁর জন্মস্থান থেকে শুরু করে নানা পর্যায়ের এমন সব বিষয়কে উপস্থাপন করার লক্ষ্য নিয়ে এই ধারাবাহিকটি লিখেছেন- যার মধ্যদিয়ে উঠে এসেছে ষাটের দশকের আর্থ-সামাজিক অবস্থার খন্ডচিত্র। ফলে ইতিহাস সংরক্ষণ, গবেষণা, এবং অতীত জানার ক্ষেত্রে বর্তমান-ভবিষ্যৎ প্রজন্মের জন্য এ লেখা নিঃসন্দেহে মূল্যবান। এ বিবেচনা থেকেই সম্প্রীতি বাংলাদেশ-এর ওয়েবসাইটের জন্য লেখাটি নির্বাচিত হয়েছে। লেখকের গ্রন্থ থেকেও এতে প্রয়োজনীয় অংশ যোগ করা হয়েছে। এর আগে লেখার কিছু অংশ লেখকের নিজস্ব ব্লগে প্রকাশ হয়েছে। ধারাবাহিক লেখাটি কয়েক পর্বে রচিত। এ দফায় দ্বিতীয় পর্ব তুলে ধরা হলো। লেখায় ব্যবহৃত কাল্পনিক ছবি এ আই দিয়ে তৈরি করা। -স/প

আবুল হোসেন খোকন

ছবির মতই ছিল পৈত্রিক বসতবাড়ি। কাঁচা রাস্তার ধারে পূর্ব-পশ্চিমমুখি দুটি ঢেউটিনের ঘর। পূবেরটা বসত ঘর। মাঝখানে ফাঁকা রেখে পশ্চিমেরটা গুদামঘর, কাম বৈঠকখানা। তার পশ্চিমে খানিকটা ফাঁকা জায়গা, সেখানে একটা আমড়াগাছ। তার দক্ষিণে লম্বা আরেকট ঢেউটিনের ঘর। এটা ছাত্রদের ম্যাচ। তারপরে খানিকটা ফাঁকা রেখে আরেকটা ঢেউটিনের বড় ঘর। এর পূর্ব সীমানার মাঝামাঝি একটা ইদারা এবং আমগাছ। পূবের কোণার দিকে একটি পুকুরমত গর্ত, সঙ্গে একজোড়া অব্যবহৃত পাকা ল্যাট্রিন। আগে ইদারা আর পুকুরমত গর্তের মাঝমাঝিতে ছিল প্রথম জীবনের মাটির কুড়ে ঘর। পরে আর থাকেনি। আলাদা জায়গায় নতুন ঘর করা হয়েছে কয়েকটা। তার একটা একবারে সীমানার মাঝখানে টেউটিনের বড়মত ঘর। মাঝমাঝির পূব পাশে ব্যবহার করা কূপ এবং টালির চালের রান্নাঘর। সামনে পশ্চিম দিয়ে উঠোনোর মাঝখানে একটা বরইগাছ। এই হলো ২৪ শতাংশ বসতবাড়ির হিসাব। এটা একাত্তরের মুক্তিযুদ্ধের কিছু আগের সময়ের কথা।

আমাদের বাড়ির কাল্পনিক ছবি : এ আই দিয়ে তৈরি

আমাদের বাড়ির দক্ষিণে ছিল শচীন্দ্র নাথ নামে এডওয়ার্ড কলেজে চতুর্থ শ্রেণীর কর্মচারি হিসেবে চাকরি করা এক ভদ্রলোকের বাড়ি। তাঁর বসতবাড়ির আকার ছিল আমাদের জায়গার চেয়ে দ্বিগুনেরও বেশি। তবে সীমানার মাঝ বরাবর দুই-তিনটা কানছকাটা টিনের ঘর নিয়ে ছিল তাঁর বসবাস। আমাদের জায়গা লতাপাতা দিয়ে ঘের দেওয়া থাকলেও তার কোন ঘের ছিল না। তার বাড়ির দক্ষিণে, অর্থাৎ আমাদের সীমানার একেবারে লাগোয়া জায়গায় ছিল বিরাট একটা লিচু গাছ। প্রচুর লিচু ধরতো, কিন্তু খাওয়ার লোক ছিল না। আমাদের সীমানার মধ্যে গাছের বড় একটা অংশ ছিল, সেটা থেকে লিচু ঝড়ে পড়তো। এছাড়া আমাদের বাড়ির পশ্চিম পাশে ছিল আরেক হিন্দু পরিবারের বাড়ি। সেই বাড়ির ছেলের নাম নেপাল, বাবা তাকে ‘ন্যাপলা’ বলে সম্বোধন করতেন। আর উত্তর দিকটায় কাঁচা রাস্তার পরে ছিল আরেক হিন্দু বুড়িমা’র বাড়ি। ওই বুড়ি আর তার বোন মিলে সীমানার মাঝামাঝি দিকে তিন-চারটা মাটির ঘরে থাকতেন। তাঁদের আর কেউ ছিল না। মাটির ঘরের কোন কোনটি ম্যাচ ভাড়া দিয়েও চলতেন। বুড়িমা’র বাড়িরও আমাদের বাড়ির সমান এলাকা নিয়ে। সেই বাড়ির দক্ষিণ পাশে মাঠের মাঝমাঝিতে একটা এবং পশ্চিম-দক্ষিণ কোণায় আরেকটা বড় আম গাছ ছিল। প্রচুর আম ধরতো। ওগুলো বিক্রি করতেন বুড়ি মা।

আমাদের বাড়ির পূর্ব পাশে ছিল সবচেয়ে প্রিয় খেলার সাথী শরীফ, আজিজ, জেসমিন, রুম, তুহিনদের বাড়ি। ‘হাজী কুটির’ নামের এ বাড়ির মালিক বাবার বন্ধু আবদুস সোবহান খান। আর এই বাড়ির উত্তর এবং উত্তর পূর্ব কোণায় ছিল আরেক বন্ধু কয়েসদের (বাবা কাশেম মাস্টার) বাড়ি এবং হারাণ পাল নামে বিখ্যাত ঠাকুর বানানো কারিগরের বাড়ি। এই হলো, আমাদের বাড়ির আশপাশের একটা চিত্র।

আমাদের বাড়ি থেকে বের হয়ে বামের দিকে গেলে পাওয়া যেতো রথঘর, সেখান থেকে দক্ষিণে প্রধান সড়কের পাশে ‘গোলা’। জায়গাটাকে গোলা বলা হতো। আর রথঘর থেকে পূর্ব দিকে গেলে ডিগ্রি কলেজের বিশাল মাঠ, উত্তরে এগুলে ডিগ্রি কলেজ হোস্টেল এবং তারও পরে ডিগ্রি কলেজের বেশ কয়েকটি ভবন। ডিগ্রি কলেজ হোস্টেলের বেশ আগে নকশাল বাচ্চু ভাইয়ের বাড়ির সামনে দিয়ে আমাদের বাড়ির দিকে চলে গিয়েছিল কাঁচা রাস্তা। সেই রাস্তা আমাদের বাড়ি হয়ে চলে গেছে মক্তব এলাকায় থাকা প্রধান সড়কে। এটা বাড়ির আশপাশ এখাকার একটা চিত্র।

************

একাত্তরের আগে থেকেই নিজস্ব একটা গন্ডি তৈরি হয়েছিল। কিছু বন্ধু-বান্ধব হয়েছিল। এরা সবাই ছিল বাড়ির আশপাশের। সবচেয়ে কাছের এবং প্রিয় বন্ধু ছিল শরীফ (পুরো নাম শরীফ হোসেন খান), ওর পিঠেপিঠি ভাইবোন জেসমিন, আজীজ এবং আল আমীন। আর ছিল রুম (ওর পুরো নাম কখনও জানিনি) ও বোন তুহিন। আমাদের বাড়ির পেছনে, মানে পূর্ব পাশে হাজি কুটির ছিল ওদের বাড়ি। এরও পূর্ব পাশে ছিল কিরন এবং বোন শোভা। উত্তর পাশে ছিল কয়েস (নূরুল ইসলাম কয়েস), মঞ্জু এবং মান্নু। সবাই ভাইবোন হিসেবে পিঠেপিঠি। তাই বয়সের খুব একটা তফাৎ দেখা হতো না। আরও উত্তর পাশে ছিল প্রিয় বন্ধু করিম (আবদুল করিম), শফি, জামাল ও জাকির। এরও উত্তরে ছিল সেলিম (সেলিম আকতার)। এরা সবাই প্রথম দফার বন্ধু। তারপরে আরও হয়েছিল। যাদের মধ্যে আছে জাফর, চন্ডি, সুবীর, রবিউল, লাল প্রমুখ।

এই বন্ধুদের সঙ্গে চলতো পলান টুকটুক, কুতকুত, হাডুডু, গোল্লাছুট এবং চাকা খেলা। চাকা খেলাটা ছিল বাসের টায়ার থেকে পাওয়া চাকা, বা সাইকেলের চাকা কাঠির সাহায্যে দাবড়িয়ে বেড়ানো। পরে ফুটবল আর ক্রিকেট যোগ হয়েছিল। এ খেলা হতো গাছের বাদাম, অথবা গেঞ্জির ছাট দিয়ে তৈরি করা বল বানিয়ে। ক্রিকেটও গাছের বাদামকে বল বানিয়ে খেলা হতো। কালেভদ্রে সংগ্রহ করতাম কারও ফেলে দেওয়া টেনিস বল। একে কাপর দিয়ে ভাল করে পেঁচিয়ে শক্তপোক্ত করে নিতাম। আমাদের ব্যাট ছিল পরিত্যক্ত কাঠের অংশ বিশেষ।

খেলার সবচেয়ে প্রিয় জায়গা হাজী কুটির : কাল্পনিক ছবি এ আই দিয়ে তৈরি

খেলার সবচেয়ে প্রিয় জায়গা বলতে এখনও চোখের সামনে ভাসে তিনটি স্থান। একটি হলো হাজী কুটিরের ছোট্ট মাঠ, আরেকটি কয়েসদের বাড়ির পশ্চিমে কোমর সমান অসমাপ্ত করে রাখা একটি বিল্ডিং ভিত্তির সঙ্গে থাকা মাঠ এবং জামালদের বাড়ির উত্তর পাশে বিরাট খেলার মাঠ।

আমাদের মধ্যে চলতো রোমঞ্চকর আড্ডা। হয়তো কোন গাছের ডালে বসে মজার মজার কথা বলা। কিংবা চোখে পড়ে না এমন কোন আবডালে বসে নানা বিষয় নিয়ে মতামত বিনিময় করা। সবকিছুর মধ্যে অদ্ভুৎ এক রোমাঞ্চ কাজ করতো। এর বাইরে আমরা বাড়ির সঙ্গে থাকা নালায় গামছা দিয়ে বা বড়শি ফেলে মাছ ধরতাম। এদিক ওদিকে ঘুরে ঘুরে নতুন নতুন জিনিসপত্র কুড়িয়ে বেড়াতাম। প্রতিবেশিদের কেউ বিপদে পড়লে সাহায্য করতাম।  বিপদ থেকে উদ্ধার বলতে মুরগি খুঁজে দেওয়া, ছাগল খুঁজে দেওয়া; গাছের সবজি বা কলা, সাজিনা, পেঁপে ইত্যাদি নামিয়ে দেওয়া, বাড়ির জঙ্গল পরিস্কার করে দেওয়া, এমনকি নর্দমার ময়লা পরিস্কার করার কাজও ছিল খেলার অংশ।

খুব ছোট সময়ে পড়ার জায়গা ছিল মক্তব। বাড়ি থেকে পশ্চিমে বেশ অনেকটা দূরে ছিল এটা (নারায়ণপুর মক্তব)। একটা সময় পর্যন্ত আমার চেয়ে বেশ বড় এবং গাট্টাগোট্টা আরব নামে এক শিশু আমার হাত ধরে মক্তবে নিয়ে যেতো, আবার রেখে যেতো। মক্তবে আরবি পড়াটাই প্রধান ছিল। এই মক্তবের পরে সিঙ্গা ফ্রি প্রাইমারি স্কুলে পড়েছি। আরএম বা রাধানগর মজুমদার একাডেমিতেও অল্পদিন পড়েছি। সবশেষে পড়েছি অনেকটা দূরের সেলিম নাজির স্কুলে।

বলতে সমস্যা নেই যে, স্কুল গন্ডির পড়শুনায় ছিলাম একেবারেই লাড্ডু মার্কা। কোন পড়াই মাথায় ঢুকতো না, পারতামও না। বিশেষ করে বাবার আরবি পড়ার চাপ এ ক্ষেত্রে বড় অনীহার জায়গা তৈরি করেছিল। তবে লেখা-পড়ার আরেকটা গুনের দিক ছিল। সেটা হলো, প্রাতিষ্ঠানিক পড়াশুনার চেয়ে অপ্রাতিষ্ঠানিক পড়াশুনায় দারুণ ঝোঁক কাজ করতো। মজার মজার গল্পের বই, ভ্রমণের বই, বিজ্ঞানের বই, ঐতিহাসিক ঘটনার বই পড়তে খুব ভাল লাগতো। পরে যোগ হয়েছিল ডিডেকটিভ বই। এই বই-ই নেশার মত হয়ে উঠেছিল। এইসব বই পড়ার জন্য বন্ধুদের বাড়িতে থাকা বইপত্র এবং শেষ দিকে পাবলিক লাইব্রেরিতে গিয়ে পড়ার ঝোঁক তৈরি হয়েছিল। বলা যায়, এসব বই-ই আমাদের পারিবারিক রক্ষণশীল চিন্তাধারা থেকে বাইরে বের করে আনার মাধ্যম হয়েছিল।

অন্যদিকে ছিল বাবার প্রচন্ড বিরোধিতা। আমার এ ধরণের পড়াশুনায় যার পর নাই তিনি ক্ষুদ্ধ এবং ক্ষিপ্ত ছিলেন। তিনি নানা কৌশল এবং কায়দায় জোর করে ধর্মীয় বইপত্র এবং কাহিনীতে মনোনিবেশ করানোর চেষ্টা করেন। এরজন্য পৈশাচিক নির্য়তনও করেন। কিন্তু সেটা হচ্ছিল হীতেবিপরীত। এভাবে আমাকে তার চিন্তার পথে তো নিতেই পারেননি, বরং আমার লাইনে পড়াশুনা এবং জানাশোনার প্রতি আগ্রহ আরও বেশি করে বাড়াচ্ছিল। বলা যায় এ কারণে, আমার নিজের শিক্ষা আর পারিবারিক শিক্ষার মধ্যে বড় মাত্রায় সংঘাত জন্ম নিয়েছিল।

(চলবে)

লেখক পরিচিতি : আবুল হোসেন খোকন

  • ০৯ নভেম্বর ১৯৬২ খ্রিস্টাব্দে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা পাবনা শহরে (রাধানগর মহল্লায়) জন্ম। সাংবাদিকতা ও লেখালেখি ১৯৭৯ খ্রিস্টাব্দ থেকে। ১৯৮৫ থেকে গণমাধ্যমের শীর্ষ পদে কর্ম। জাতীয় পর্যায়ে দৈনিক সংবাদ, বাংলাদেশ প্রতিদিন, আমাদের সময়, দৈনিক ডেসটিনি, দৈনিক মাতৃভূমি; আঞ্চলিক পর্যায়ে দৈনিক করতোয়া, দৈনিক উত্তরবার্তা; জাতীয় পর্যায়ে সাপ্তাহিক পূর্বালোক; এবং স্থানীয় পর্যায়ে সাপ্তাহিক শরণী, সাপ্তাহিক বিবৃতি, সাপ্তাহিক পাবনা-এর শীর্ষ পদে দায়িত্ব পালন। আশি-নব্বই ও দুই হাজারের দশকে জাতীয় এবং আন্তর্জাতিক মাধ্যমের কলাম লেখক। মুক্তিযুদ্ধ, ইতিহাস, সাংবাদিকতা, ভ্রমণ, গল্প-প্রবন্ধভিত্তিক রচিত গ্রন্থ ৮টি। দুই শতাধিক প্রামাণ্য চলচ্চিত্র’র নির্মাতা। জাতীয় মাসিক ট্যাবলয়েড সম্প্রীতি বাংলাদেশ-এর সম্পাদনা পর্ষদ সদস্য। 

লেখক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।