সম্প্রীতি বাংলাদেশ
[দৃষ্টি আকর্ষণ : সম্প্রীতি বাংলাদেশ (নভেম্বর ২০২৬) তৃতীয় বর্ষ, ১২ মুদ্রিত সংখ্যা থেকে লেখাটি প্রকাশ করা হলো। স/প]

শুচি সৈয়দ
দেখতে দেখতে তিনটি বছর পেরিয়ে ‘সম্প্রীতি বাংলাদেশ’ চার বছরে পা রাখছে। বিষয়টি একটি পত্রিকার জন্য গৌরবের। বাংলাদেশ শ্বাশত সম্প্রীতির দেশ- সেই দেশে আমরা নতুন করে ‘সম্প্রীতি’র কথা উল্লেখ করছি তার অর্থ কী? এদেশে কি মানুষে মানুষে সম্প্রীতি’র অভাব ঘটেছে, সম্প্রীতি উধাও হয়ে গেছে? তেমনটি নয়, তবে ‘সম্প্রীতি’ চর্চার অভাব দেখা দিয়েছে। অভাব ঘটেছে পারস্পরিক যোগাযোগের, সাহচার্যের, বিনিময়ের। আমরা নিজেদের জীবন নিয়ে, পেশাগত দায়িত্ব পালনে এতো ব্যস্ত হয়ে পড়েছি যে নিজেদের দিকে ফিরে তাকাবার ফুসরত হারিয়ে ফেলছি। সত্যি সত্যি ‘বিজ্ঞানের বেগ আমাদের প্রজন্মের মানুষের আবেগকে কেড়ে নিয়েছে।’ শুধু আবেগ কেড়েই থেমে যায়নি, সে আমাদেরকে কেড়ে নিয়েছে আমাদের নিজের অস্তিত্বের কাছ থেকেও। ‘সম্প্রীতি বাংলাদেশ’ সেই আবেগটার ওপর আলো ফেলে জাগিয়ে দেবার প্রয়াস। নিজেকে নিজেদের কাছে ফিরিয়ে দেবার আয়না।
২.
অক্টোবরের ১৫ তারিখে আমি ধানমন্ডি গেলাম, দেশের বরেণ্য চিন্তাবিদ ড. সিরাজুল ইসলাম চৌধুরীর বাসায় তাঁর সঙ্গে দেখা করতে। স্যার কিছুটা অসুস্থ সে জন্য তাঁকে দেখতে যাওয়া। পরিকল্পনা ছিল আমি, এস.এম গোর্কি, মীর মোস্তাফিজুর রহমান চঞ্চল ও ডা. এহসানুল হক, আনিস রহমান- প্রমুখ তাঁকে দেখতে যাবার। এদের সঙ্গে বিচ্ছিন্ন সময়ে এমন আলাপ ও সম্মতি নিয়েছিলাম। কিন্তু কিছুতেই সবার সঙ্গে সময়কে মেলাতে ব্যর্থ হয়ে শেষে স্বার্থপরের মত আমি একাই গেলাম। বেশ অনেকটা সময় স্যারের সঙ্গে আমার কথা হলো। স্যারের বাসা থেকে আসার সময় তিনি তাঁর লেখা ‘বিচ্ছিন্নতায় অসম্মতি’ বইটি দিলেন নিচের এই কথাগুলো লিখে-
‘শুচি সৈয়দকে স্বর্ণযুগের স্মৃতিতে-সিরাজুল ইসলাম চৌধুরী, ১৫.১২.২০২৬’
আমি বলা চলে অজস্র কথার ভিড়ে বাকরুদ্ধ হয়ে গেলাম এই এক বাক্যের শব্দাবলীর কাছে। কেন? স্যার এই ছোট্ট বাক্যটিতে স্মরণ করেছেন- সাপ্তাহিক সময়-এর দুই বছরকে-‘স্বর্ণযুগ’ বলে। অর্থাৎ, বারো বছর! আমার জীবনে স্যারের সান্নিধ্যে কাটানো ওই দুই বছরের লেংথ ‘জীবনব্যাপী’! এমনটিই ঘটে। মানুষ যখন তার প্রিয় কাজে, প্রিয় ও প্রার্থনীয় মানুষের সঙ্গে সময় অতিবাহিত করে তখন তার প্রকৃত আয়ু দীর্ঘ হয়ে যায়। একটা মুহূর্ত পরিণত হয় বছরে, একটা বছর পরিণত হয় একটা যুগে। এ অভিজ্ঞতা শুধু সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের একার নয়। এ অভিজ্ঞতা প্রতিটি মানুষের জীবনের সত্য। এই সত্য আমরা উপলব্ধি করি যখন সত্যি সত্যি নিজের সামনে দাঁড়াই কেবল তখন।
‘সম্প্রীতি বাংলাদেশ’-এর শেষ সংখ্যায় স্যারকে নিয়ে আমার একটি লেখা ছাপা হয়েছিল। সেটি পড়ে স্যার দুপুরের পর ফোন করে জানালেন, লেখাটি তাঁর ভাল লেগেছে। লেখাটি ছিল সেই সাপ্তাহিক সময় পত্রিকার ‘স্বর্ণযুগ’কে নিয়েই। সঙ্গে স্যারের আজীবন অনাড়ম্বর জীবন-এর বর্ণনাও। মজার ব্যাপার হচ্ছে ‘সময়’ পত্রিকাকে কেন্দ্র করে যে স্বর্ণযুগে’র অনুভূতি তা আমার লেখায় মোটেই স্পষ্ট নয়, যতটা সুন্দর ভাবে স্যার একটি শব্দে তা তুলে ধরেছেন। সর্বোপরি তিনি তো আমার লেখাটিও পড়েছেন পরে।
৩.
‘সম্প্রীতি বাংলাদেশ’-এর চতুর্থ বর্ষে পদাপর্ণের এইক্ষণে আমার সাপ্তাহিক ‘সময়’ পত্রিকার কথা মনে হচ্ছে, মনে হচ্ছে সাপ্তাহিক ‘বিবৃতি’র কথা। সাপ্তাহিক ‘সময়’ যেমন ড. সিরাজুল ইসলাম চৌধুরী স্যারের কাছে, আমার কাছে একই অনুভূতির অনুভব তেমনই ‘সম্প্রীতি বাংলাদেশ’, সাপ্তাহিক ‘বিবৃতি’ আমাদের শহরের প্রমিথিউস অধ্যাপক শিবজিত নাগ এবং আবুল হোসেন খোকন, ‘সম্প্রীতি বাংলাদেশ’-এর সম্পাদকীয় কলামের পাশে যাঁদের নাম রয়েছে তাঁদের সবার কাছে, আমার কাছে, আমাদের পাবনা শহরের প্রতিটি সচেতন মানুষের কাছে সমান মর্যাদার অনুভূতি। তার একটি ছিন্ন উদ্ধৃতি দিই। আমার পুনর্মুদ্রণের জন্য প্রস্তুত বই ‘কালাকালের কড়চা’র নতুন উৎসর্গের পাতা থেকে-
‘‘অধ্যাপক শিবজিত নাগ, শ্রদ্ধাস্পদেষু
দাদা,
আমাদের একটি স্বপ্ন ছিল, আমাদের একটি সংগ্রাম ছিল- সাপ্তাহিক ‘বিবৃতি’ তার নাম। জেলা শহর পাবনা থেকে প্রকাশিত প্রতি বিষ্যুদবারের সেই ৪ পৃষ্ঠার নিউজপ্রিন্টে ছাপা ট্যাবলয়েডের সাদাকালো পৃষ্ঠায় মুদ্রিত আছে আমাদের অনেক জয়পরাজয়, আনন্দ-বেদনার ইতিহাস।
আমরা লড়েছি মানুষের প্রতি অপরিমেয় ভালোবাসাকে একমাত্র আয়ুধ জেনে। মানুষের প্রতি মানুষের ভালোবাসায়- মানুষ কি অপরিসীম দীপ্যমান হয়ে ওঠে- আমার কাছে আপনি তার উদাহরণ। তাই এই বইটি আপনাকে উৎসর্গ করার অর্থ নিজেদেরকেই উৎসর্গ করা।
সাপ্তাহিক বিবৃতির স্মরণীয় সতীর্থ- প্রকাশক ইয়াসিন আলী মৃধা রতন, প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত শ. ই শিবলী, অধ্যাপক আবু মহম্মদ রইস, অধ্যাপক আতাহার আলী খান, অকাল প্রয়াত কবি জাহাঙ্গীর-উল হক, জাহাঙ্গীর আলম মুকুল, প্রয়াত মুকুল আহমেদ, শ্যামল দত্ত, অকাল প্রয়াত কৃষিবিদ ড. সমজিৎ পাল, অকাল প্রয়াত কথাশিল্পী ফয়জুল ইসলাম সুমন, অকাল প্রয়াত অমল সরকার, শাহনেওয়াজ খান স্বপন, মহম্মদ রাশেদ, আবুল হোসেন খোকন, অঞ্জন রায়, জুলফিকার সেলিম, বিবৃতি কর্মী জয়নাল আবেদীন, আবদুুল মজিদ, বদরউদ্দিন, জুলফিকার, হরিকাকা, দেবপ্রসাদ কাকার কথাও।
এঁদের কারো অর্থ, কারো ঘাম, কারো রক্ত, কারো শ্রম- এই সব মিলিয়ে প্রবাহিত এক ভালোবাসা-সংগ্রামের নামই ছিল- সাপ্তাহিক ‘বিবৃতি’।
এখনও হঠাৎ স্মৃতির জানালা হাট করে খুলে উদ্ভাসিত হয়ে ওঠে সেই হিরন্ময় দিনগুলি- আমার প্রথম এবং একমাত্র প্রেম; আমাদের সব্বারই কি? হয়তোবা, হয়তোবা নয়-
মানুষকে ভালোবাসার চেয়ে ভালো আর কিছুই পৃথিবীতে নেই। পৃথিবীতে আজো আলো আছে, আজো আশা আছে আপনার মত কিছু স্বপ্নবান প্রমিথিউস আছেন বলেই।’’
[ শুচি সৈয়দের ‘কালাকালের কড়চা’র নতুন উৎসর্গের পাতা থেকে। ১৯৯১-এ প্রকাশিত, পুনর্মুদ্রণের জন্য প্রস্তুত ]
‘বিবৃতি’ ছিল আমাদের স্বপ্নসহযাত্রী, ‘সম্প্রীতি বাংলাদেশ’ আমাদের স্বপ্নসহোদর। পাবনা শহরে এক সময় কোনো নিয়মিত পত্রিকা প্রকাশিত হতো না, ছিল না পেশাদার সাসটেইনেবল পত্রিকা। অর্থাৎ নিজের আয়ে নিজে চলার মত পত্রিকা পাবনায় প্রথম সাপ্তাহিক বিবৃতি। যার সঙ্গে যুক্ত ছিল সে সময়ের তারুণ্যের শক্তি। সেই একই ধারায় ‘সম্প্রীতি বাংলাদেশ’ বর্তমান প্রজন্মের তারুণ্য ও স্বপ্নবান প্রমিথিউসদের একত্রিত, ঐক্যবদ্ধ করে সারা দেশে, বিশ্বব্যাপী ‘সম্প্রীতি’র পৃথিবী গড়ে তোলার কাজে সবার অংশগ্রহণ, সবার সম্মিলিত শুভকর্মকে নিয়ে এগিয়ে যেতে চায়।
৪.
‘সম্প্রীতি বাংলাদেশ’-এর প্রতিটি পৃষ্ঠায় উৎকীর্ণ থাকে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি গানের সম্পূর্ণ কথামালা। তাঁর কথামালা থেকে- ‘যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ’- এই পংক্তিটিকে আমরা ‘সম্প্রীতি বাংলাদেশ’-এর শ্লোগান হিসেবে নির্বাচিত করেছি আমাদের আকাঙ্ক্ষাকে ব্যক্ত করতে। পুরো গানটি হচ্ছে-
‘‘অন্তর মম বিকশিত করো
অন্তরতর হে।
নির্মল করো, উজ্জ্বল করো হে
সুন্দর করো হে।
জাগ্রত করো, উদ্যত করো,
নির্ভয় করো হে।
মঙ্গল করো, নিরলস নিঃসংশয়
করো হে।
অন্তর মম বিকশিত করো
অন্তরতর হে।
যুক্ত করো হে সবার সঙ্গে,
মুক্ত করো হে বন্ধ;
সঞ্চার করো সকল কর্মে
শান্ত তোমার ছন্দ।
চরণপদ্মে মম চিত নিঃস্পন্দিত
করো হে,
নন্দিত করো নন্দিত করো
নন্দিত করো হে।
অন্তর মম বিকশিত করো
অন্তরতর হে।’’
রবীন্দ্রনাথের এই গানের বাণীতে এক বাঙালি কবির সমগ্র ধরিত্রী এবং তার সমস্ত স্পন্দমান জীবনের ঐক্যস্পন্দনের সুর বিধৃত হয়েছে। তাঁর এই শ্বাশত সুর ভবিষ্যতের স্বপ্নমথিত, বর্তমানের প্রাণস্পন্দিত। আমরা বর্তমান প্রজন্মের বুকের তারে এই সুরটি সঞ্চারিত করে দিতে চাই ‘সম্প্রীতি বাংলাদেশ’-এর প্রতিটি পৃষ্ঠায়, প্রতিটি শব্দে, অক্ষরে। আমরা এই প্রজন্মের বুকে তাঁর বাণী- ‘সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ’- এই ধ্যানস্থ শান্তির কথা চারিয়ে দিতে চাই। মানুষ এবং তার সর্বজনীন কল্যাণের চেয়ে মহৎ কাজ আর কিছু নেই। এই কাজে আমরা আমাদের সঙ্গে সবাইকে পাশে চাই- আমরা চাই সম্প্রীতির এক অবিচ্ছিন্ন বিশ্ব।
লেখক পরিচিতি-
শুচি সৈয়দ, বাংলাদেশের স্বনামধন্য কবি-লেখক এবং জ্যেষ্ঠ সাংবাদিক। জাতীয় মাসিক ট্যাবলয়েড সম্প্রীতি বাংলাদেশ-এর সম্পাদনা পর্ষদ সদস্য।