
পুতুল প্রহরে জাগলো শৈশব
শাহীন রহমান
শৈশবের স্মৃতি আর ঐতিহ্যকে নতুন করে উদযাপনের বার্তা নিয়ে হয়ে গেল ব্যতিক্রমী আয়োজন ‘পুতুল প্রহর’। ‘শৈশবের টানে, পুতুল খেলা জাগুক প্রাণে’ প্রতিপাদ্যকে ধারণ করে পাবনায় সরকারি এডওয়ার্ড কলেজের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয় এই আনন্দ উৎসব। কলেজের সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রের শিক্ষার্থী ও শিল্পীদের উদ্যোগে আয়োজিত এই উৎসবে মাটি, লোকজ ঐতিহ্য ও বাংলার পুতুলশিল্পকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয়। অনুষ্ঠানে ছিল পুতুল প্রদর্শনী, পুতুলের ইতিহাস, পুতুল পরিবারের পরিচয়, পুতুলের গান ও সাংস্কৃতিক পরিবেশনা। গত ৩০ জুলাই ২০২৬ বিকাল চারটা থেকে সন্ধ্যা পর্যন্ত বাঙালির ঐতিহ্যবাহী পোশাক শাড়ি ও পাঞ্জাবি পড়ে সবার জন্য উন্মুক্ত এই উৎসবে যোগ দেন অগণিত দর্শনার্থী।


অনুষ্ঠান চলার সময় হঠাৎ আকাশ মেঘলা হয়ে মুষলধারে বৃষ্টি নেমে আসে। তবে তা আনন্দে কোনো বাধা সৃষ্টি করতে পারেনি। আয়োজক ও উপস্থিত উৎসাহী পুতুলরা বৃষ্টির তোয়াক্কা না করেই মেতে থাকে নাচ-গানে। বৃষ্টিতে ভিজে নেচে- গেয়ে পুরো অনুষ্ঠান সম্পন্ন করা হয়, যা উপস্থিত সবার মাঝেই এক অন্যরকম উচ্ছ্বাসের সৃষ্টি করে।

অনুষ্ঠানে ঐতিহ্য ও সংস্কৃতির মেলবন্ধনে ছিল নানা আয়োজন। প্রাচীন ও লোকশিল্পের পুতুল প্রদর্শনের পাশাপাশি তুলে ধরা হয় এর ইতিহাস। আনন্দের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয় পুতুল পরিবারের সদস্যদের। এরপরে বাঙালি বিয়ের রূপরেখায় ছিল পুতুলের পাত্রী দেখা, পুতুলের গায়ে হলুদ ও সাংস্কৃতিক সন্ধ্যা। সবশেষে ছিল জমকালো আয়োজনে পুতুলের বিয়ে।
আনন্দমুখর এই আয়োজনের সমাপ্তি ঘটে উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করানোর মাধ্যমে। সব শেষে ছিল পান সুপারিতে আপ্যায়নের ব্যবস্থা। হাসান মাহমুদ নামে এক দর্শনার্থী বলেন, লোকজ সংস্কৃতির প্রতি এই ভালোবাসাই অনুষ্ঠানের সবচেয়ে বড় সাফল্য। এমন ব্যতিক্রমী আয়োজন মন ভাল করে দেয়, যেন ছোট্ট বেলায় ফিরে গিয়েছিলাম। আয়োজকদের ধন্যবাদ এমন একটি আয়োজনের জন্য। মন কেড়েছে পুতুল প্রহর।


আরিফুল ইসলাম নামের এক অভিভাবক তার শিশু সন্তানকে নিয়ে এসেছিলেন অনুষ্ঠানে। তিনি বলেন, যান্ত্রিক জীবনের ব্যস্ততা ঠেলে শৈশবের সহজ-সরল রঙিন দিনগুলোতে ফিরে যাওয়ার এমন চমৎকার উদ্যোগ সত্যি অনন্য। বৃষ্টির রিমঝিম সুরের সঙ্গে পুতুল খেলার এই আনন্দমুখর মুহূর্তটি উপস্থিত সবার মনে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

মেয়েকে নিয়ে ঘুরতে আসা অভিভাবক সরোয়ার মোর্শেদ বলেন, এমন আয়োজনের কথা শুনে মেয়ে নিয়ে ঘুরতে এসেছিলাম পুতুলের ঐহিত্যের সঙ্গে ওকে পরিচয় করিয়ে দিতে। উদ্যোগটা প্রশংসনীয়। বৃষ্টি না এলে পুরো আয়োজনটা সুন্দরভাবে উপভোগ করতে পারতেন দর্শকরা।

আয়োজকদের মধ্যে সরকারি এডওয়ার্ড কলেজের সাহিত্য ও সংস্কৃতি কেন্দ্রের সঙ্গীত, নৃত্য শিল্পী পুনম প্রজ্ঞা বলেন, সেই ছোটবেলায় পুতুল খেলতাম। বড় হওয়ার পর সেই শৈশবটা আর নেই, হারিয়ে গেছে। তখন সেই শৈশবের স্মৃতিটুকু ফিরিয়ে আনার জন্য চিন্তা করি আমরা পুতুল খেলবো। এটা যে বাঙালি সংস্কৃতির অংশ, সেটাকে আবার নতুন করে জাগিয়ে তোলার জন্য এ আয়োজনটা করি। নতুন প্রজন্ম তো পুতুল খেলা থেকে অনেক দূরে। তারা জানে না পুতুল খেলা কি। তাদের জানানোর জন্য পুতুল খেলাটা বাঙালি সংস্কৃতিতে কোন সময় থেকে এসেছে- তার ইতিকথা নিয়ে আমরা আলোচনা করেছি।